Upload By Jyotirmay Dutta at 27th March 2025 ,10:26 Pm IST
পীযূষ চক্রবর্তী,
নিয়োগ দুর্নীতি মামলা তদন্তের গতিপ্রকৃতি বাড়াতে চলেছে সিবিআই। এই মামলায় আগেই কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার এখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য্য। গ্রেফতার হন মানিকের স্ত্রী-সহ পরিবারের সদস্যরাও। এছাড়া আরো বেশ কয়েকজন তৃণমূলের বিধায়ক ও নেতাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গ্রেফতার হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন শিক্ষা দপ্তরের আধিকারিক। তাদের মধ্যে অনেকেই শর্তসাপেক্ষে জামিন পেয়ে গিয়েছেন। তবে এতেই থেমে থাকতে চান না কেন্দ্রীয় গোয়েন্দারা। এই দুর্নীতির সঙ্গে আর কোন কোন রাজনৈতিক ব্যক্তি জড়িত তার খোঁজ শুরু করেছেন তারা। যে সমস্ত নেতা বা জনপ্রতিনিধিরা অযোগ্যদের চাকরির সুপারিশ করেছিলেন তাদেরও এবার জেরার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। শীঘ্রই তাদের জেরার জন্য তলব করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
পার্থ এবং মানিক দুজনেই সিবিআইকে বেশ কয়েকজন রাজনীতিবিদের নাম বলেছেন যারা চাকরির জন্য সুপারিশ করেছিলেন। যা আদালতকে জানিয়েছেন সিবিআই অফিসাররা।
গত বুধবারই সিবিআই আদালতকে জানিয়েছে পুরো চক্রটি গড়ে উঠেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর তত্ত্বাবধানেই। তিনিই ছিলেন এই দুর্নীতির মূল কারিগর। সম্প্রতি এক ওএসডি-ও আদালতের কাছে গোপন জবানবন্দিতে সেই কথাই জানিয়েছেন। যে প্রভাবশালী নেতারা অযোগ্যদের চাকরির সুপারিশ করেছিলেন তার মধ্যে রয়েছেন তৃণমূলের সাংসদ মমতাবালা ঠাকুর এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এছাড়াও রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই প্রাক্তন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষও। তাদের শীঘ্রই জেরার জন্য তলব করতে চলেছে সিবিআই।

