বঙ্গবার্তা ব্যুরো,
নাম না করে বুধবার বিধানসভায় মোদী সরকারের আচ্ছে দিনের শ্লোগানকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি বলেন, কেন্দ্র সরকার আর্থিক সঙ্কটে ভুগছে। তাঁর অভিযোগ মোদী সরকার জি এস টি করে রাজ্যের প্রাপ্য সব নিয়ে যাচ্ছে।
বুধবার মমতা কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে সরব হন। তিনি বলেন রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য পাওনা কেন্দ্র আটকে রেখেছে। তাঁর অভিযোগ, আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজের টাকার মতো অনেক কিছুই কেন্দ্র সরকার দিচ্ছেনা। তাঁর দাবি তা সত্ত্বেও রাজ্য সরকার নিজের আর্থিক সংস্থান থেকে লক্ষীর ভান্ডার থেকে অন্যান্য প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে।
মমতা বলেন হিরের ওপর জি এস টি নেই, কিন্তু জিরেতে আছে। অর্থাৎ কেন্দ্র বড়লোকদের জন্য কাজ করছে। গরিবদের জন্য তারা কিছু করছে না। রাজ্যের তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে রাজযের প্রায় কয়েক হাজার কোটি টাকা পাওনা আছে।

