বঙ্গবার্তা ব্যুরো,
প্রথমে টাকা নিয়ে পদ দেওয়ার অভিযোগ এবার একেবারে মুখে কালি। দক্ষিণ কলকাতা বিজেপির এই দ্বন্দ্বের ছবি সামনে এল। অবস্থা এমন পর্যায়ে যায় যে পুলিশও ডাকতে হয়। দলের রাজ্য নেতারা যখন দিল্লিতে বসে হাসি মুখে একসঙ্গে ছবি তুলে দলের ঐক্যের চেহারা তুলে ধরতে চাইছেন, তখন বাস্তবে ঐক্যের বেআব্রু চেহারা দেখা গেল ঠাকুরপুকুরে এক অনুষ্ঠানে। ঐ দিন দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতিকে সম্বর্দ্ধনা দেওয়ার কথা ছিল। আনন্দনগর এলাকার এই অনুষ্ঠানে জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের অনুগামীদের সঙ্গে বিক্ষুব্ধদের কথাকাটাকাটি শুরু হয়। তা শেষ পর্যন্ত চেয়ার ছোঁড়াছুড়িতে পরিণত হয়। অনুপম ভট্টাচার্যকে বাঁচাতে গিয়ে এক মণ্ডল সভাপতি বিক্ষুব্ধদের রোষের মুখে পড়েন। অভিযোগ তার মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। এই বিষয়ে পুলিশে অভিযোগ করা হয়েছে। কিছুদিন আগেই এই দক্ষিণ কলকাতায় টাকা নিয়ে পদ দেওয়ার অভিযোগ সম্বলিত পোস্টার ছেয়ে যায়। বিজেপির সেই দলীয় কোন্দল এবারে একেবারে হাতাহাতির পর্যায়ে গিয়ে দাঁড়াল। বিজেপির রাজ্যস্তরের নেতারা এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেন নি ।
ছবিতে ঐক্য বাস্তবে যুযুধান দুপক্ষ

