ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের চার ক্লাব, বিদায় আর্জেন্টিনার

বঙ্গ বার্তা ব্যুরো, সন্দীপ সুর
ক্লাব বিশ্বকাপে বড় চমক দেখাল ব্রাজিলের ক্লাবগুলি । তাদের চারটি ক্লাবই টুর্নামেন্টের শেষ ষোলোয় পৌঁছেছে। অন্যদিকে আর্জেন্টিনার দুই ক্লাব অংশ নিলেও নকআউট নিশ্চিত করতে পারেনি কেউই।
ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৩২ টি দলের মধ্যে নক আউট পর্বে উঠেছে ১৬ টি দল। সেখানে রয়েছে ব্রাজিলের চারটি ক্লাব পালমেইরাস, বোতাফোগো, ফ্ল্যামেঙ্গো আর ফ্লুমিনেন্স। এর মধ্যে পালমেইরাস আর বোতাফোগো আবার শেষ ষোলোতে পরস্পরের মুখোমুখি হচ্ছে।
ফ্ল্যামেঙ্গো আর পালমেইরাস তাদের গ্রুপের শীর্ষে থেকে শেষ ১৬ তে থাকা নিশ্চিত করেছে। ফ্ল্যামেঙ্গো গ্রুপপর্বে হারিয়েছে চেলসিকে। ব্রাজিলের আরেক ক্লাব বোতাফোগো চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজিকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে।
আর্জেন্টিনার দুটি শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
আর্জেন্টিনার জায়ান্ট ক্লাব বোকা জুনিয়র্স ৩ ম্যাচের একটিও জিততে পারেনি। দুটি ড্র এবং একটি ম্যাচ হেরে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নিয়েছে। আরেক ক্লাব রিভার প্লেট ৩ ম্যাচে একটি করে জয়, হার এবং ড্র নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে শেষ করেছে।