সৌদিতে আজ ঈদ, কাল ভারতে ইদ উল ফিতর

Postade By Subrata Halder on 30th March 2025 ,04:20 Pm

বঙ্গবার্তা ব্যুরো,
সৌদি আরবে শনিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সৌদি গেজেট জানিয়েছে। ফলে সেদেশে আজ ৩০ শে মার্চ ইদ উল ফিতর পালিত হচ্ছে। রমজান মাস ধরে রোজা রাখেন ইসলাম ধর্মাবলম্বীরা। এই গোটা মাস নির্দিষ্ট নিয়ম মেনে রোজা পালন করার পর তা পূর্ণ হয় ঈদের চাঁদ দেখার পর। সৌদি আরব জানিয়েছে, ১৪৪৬ শাওয়ালের চাঁদ শনিবার সেদেশে দেখা গিয়েছে। ফলত, এই আরব দেশ রবিবার পালন করতে চলেছে ইদ উল ফিতর।
শুধু সৌদি আরব নয় কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীতেও (ইউ এ ই) আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।
ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশীয় দেশগুলি সাধারণত মধ্যপ্রাচ্য এবং পশ্চিমি দেশগুলির তুলনায় একদিন পরে ঈদ উদযাপন করে। ২০২৫ সালে ভারতে রমজান মাস ২ মার্চ থেকে শুরু হয়েছে। যার ফলে ভারতে ঈদ উল ফিতর ৩১ শে মার্চ। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার দুদিন ঈদের সরকারি ছুটি দিয়েছে এবার।