২০২৬ এর জুনের মধ্যে নির্বাচন বাংলাদেশে, ঘোষণা ইউনূসের

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।
প্রধান উপদেষ্টা জানান, আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এরজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি।
শেখ হাসিনা জামানা শেষ হওয়ার পর এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর অত্যাচারের পাশাপাশি বেড়ে চলেছে হিংসা ও নারী নির্যাতনের ঘটনা। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি চতুর্দিকে নানারকমের গুজব ছড়িয়ে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের মহোৎসব চলছে। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেয়া হচ্ছে, ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটোকার্ড বানিয়ে, অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলছে। যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরও ভয়ংকর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে তা আপনাদের সবারই জানা আছে।’ রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।