গাজায় ইজরায়েলি হামলায় মৃত ১১৫

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া


গাজায় ইসরায়েলি হামলায় ১১৫ জনের মৃত্যু হয়েছে। আহত অনেক। এদের মধ্যে বেশির ভাগই ত্রাণের অপেক্ষায় থাকা মানুষ।
অবরুদ্ধ উপত্যকায় নতুন করে আরও ১১৫ জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯২ জনই ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। উত্তরাঞ্চলীয় জিকিম ক্রসিং এবং দক্ষিণের খান ইউনিস ও রাফা শহরে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইজরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর।

গাজায় ইজরায়েলি অবরোধের কারণে খাদ্য সংকট আরও তীব্র হয়ে উঠছে। দুর্ভিক্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
চিকিৎসা ক্ষেত্রের দেওয়া তথ্য অনুযায়ী, জিকিমে ইজরায়েলি বাহিনী কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। জাতিসংঘের ত্রাণ কাফেলা থেকে আটা সংগ্রহের আশায় বিশাল জনতা সেখানে জড়ো হয়েছিল।

রাফাহতে একটি সাহায্য কেন্দ্রের কাছে আরও নয়জন নিহত হয়েছেন। সেখানে মাত্র ২৪ ঘন্টা আগেই ৩৬ জন প্রাণ হারিয়েছিলেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মতে, খান ইউনিসে অন্য একটি সাহায্য কেন্দ্রের কাছে আরও চারজন নিহত হয়েছেন।

হামলা থেকে বেঁচে যাওয়া গুলিবিদ্ধ ওসামা মারুফ বলেন, আহত একজন বৃদ্ধকে পরিবহনে সাহায্য করছিলাম, আমি তাকে সাইকেলে করে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু সফল হয় নি, আমি আর আটা চাই না।