ভোট কমতে পারে বুঝেই, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে স্মার্ট মিটার প্রত্যাহার, দাবী শুভেন্দুর

Published By Subrata Halder, 11 June 2025, 10:17 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের শেষে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস স্মার্ট মিটার নিয়ে বিবৃতি দিতে গিয়ে বলেন, বিষয়টি কেন্দ্রের চাপিয়ে দেওয়া। বক্তব্যের সাপেক্ষে, কেন্দ্রের গেজেট নোটিফিকেশনের কথাও বলেন তিনি। যেটি বিধানসভায় পড়েও শোনান । যেখানে স্পষ্ট ভাষায় বলা ছিল, প্রিপেড স্মার্ট মিটার বাধ্যতামূলক।
বিকেলে সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সেই বক্তব্য খারিজ করে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হার বাঁচাতে স্মার্ট মিটার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, বিদ্যুৎ রাজ্য তালিকা ভুক্ত বিষয়। কার বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে কি হবেনা সেটা গ্রাহকের ইচ্ছার উপর নির্ভর করে। স্মার্ট মিটার বাতিল হওয়া নিয়ে অরূপ বিশ্বাসের বিবৃতি সমালোচনা করে বলেন,অরূপ বিশ্বাস যদি সংবিধান না জানে, তাহলে আমরা কি করতে পারি। বিদ্যুৎ সম্পূর্ণভাবে রাজ্য তালিকাভুক্ত বিষয়। তিনি জোর করে একে যৌথ তালিকাভুক্ত বিষয় হিসাবে দেখাতে চাইছেন। বিরোধী দলনেতার অভিযোগ, শাসক দল কাঠমানি খেয়ে স্মার্ট মিটারের বরাত দিয়েছিলেন এক কোম্পানিকে। যেখানে যাচ্ছে এই সিদ্ধান্তের ফলে মানুষ বিক্ষোভ দেখাচ্ছিল। শহরের ভোট চলে গিয়েছে ২০২৪ শে। ৭৭ টি পুর এলাকায় বিজেপির লিড। আরো পাঁচটিতে অন্য বিরোধীদের লিড রয়েছে। একটা শহর নেই যেখানে চব্বিশে তৃণমূল লিড পেয়েছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে, জোর করে স্মার্ট মিটার লাগাতে গেলে বাণিজ্য হয়তো কিছুটা হবে। কিন্তু ভোট কমে যাবে। তাই ঠেলায় পড়েই স্মার্ট মিটার বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে এই সরকারকে।