ঘরে হাঁটু জল, খাট থেকে পড়ে প্রাণ গেলো ৬ মাসের শিশুর

বঙ্গবার্তা ব্যুরো,

রাজ্যজুড়ে নাগাড়ে বৃষ্টিতে নাজেহাল মানুষ, বিপর্যস্ত সাধারণ জনজীবন।পুরসভা এলাকাতেও শুধু রাস্তাঘাট নয়, বিভিন্ন স্থানে বাড়ির ভিতরেও জল জমে রয়েছে। ঘরের ভিতর এই জলে পড়েই মর্মান্তিক মৃত্যু হলো ছমাসের এক শিশু কন্যার।

ঘুমের ঘোরেই খাট থেকে ঘরের ভিতরেই থাকা বৃষ্টির জলে পড়ে যায় শিশু ঋষিকা ঘড়ুই। বাবা পাপন ঘড়ুই মর্মান্তিক ঘটনাটি ঘটে কলকাতার পার্শ্ববর্তী উত্তর দমদম মিউনিসিপ্যালিটির ১৩ নম্বর ওয়ার্ডে।

অনবরত বৃষ্টিতে উত্তর দমদম মিউনিসিপ্যালিটির প্রায় সব ওয়ার্ডই এখন জলের তলায়। ১৩ নম্বর ওয়ার্ডের হরিপাড়া পুরোটাতেই জল জমে রয়েছে। শনিবারও পাপন ঘড়ুইয়ের বাড়ির ভিতর বৃষ্টির জল জমে রয়েছে।

একমাত্র কন্যা ঋষিকাকে ঘুম পাড়িয়ে ঘরের কাজ করছিলেন পাপনের স্ত্রী। সেই সময় কোনোভাবে শিশুটি খাট থেকে নিচে জলে পড়ে যায়। পরে মা ঘরে ঢুকে দেখতে পান ঋষিকা জলে ভাসছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় উত্তর দমদম পৌরসভা হাসপাতালে। সেখান থেকে ফুলবাগান শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঋষিকাকে মৃত ঘোষণা করেন।

উত্তর দমদম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রশান্ত দাশ বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শুনেই চলে এসেছি। আসলে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছিল। তাতেই জল জমেছে। বাচ্চাটা শুয়ে ছিল, এরমধ্যে খাট থেকে নিচে পড়ে যায়। এখান থেকে পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে আবার শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি বেশি হলেও জল নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় পুরো ওয়ার্ডেই জল জমে রয়েছে। কেউ সেই জল বের হওয়ার ব্যবস্থা করছে না। যার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেলো।।