কলকাতায় এসে মোদীর মুখে বাংলায় শ্লোগান, বাঁচতে চাই বিজেপি তাই

বঙ্গবার্তা ব্যুরো,

তৃতীয়বার কলকাতা সফরে এসে বিজেপি কর্মী সমর্থকদের সামনে ২০২৬ এর নির্বাচনের শ্লোগান দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। এদিন দমদমের জেল মাঠে সংকল্প সভায় মোদী বলেন, স্বাধীনতার পর, কংগ্রেস, বামফ্রন্ট, তার পর তৃনমূল কংগ্রেসের সরকার হয়েছে।

কিন্তু এই তিন পরিবর্তনে মানুষের আসলে কি লাভ হয়েছে ? তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের সরকার বললেও তারা মানুষের উপকারের জন্য কেন্দ্রের নেওয়া প্রকল্প রাজ্যে কার্যকর করে না। নরেন্দ্র মোদীর দাবী কেন্দ্রের ইউপিএ সরকারের আমলের চেয়ে তিন গুণ বেশি অর্থ বাংলার রেল, সড়ক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করেছে সরকার। কিন্তু কেন্দ্রের বরাদ্দ টাকা নিচু তলার মানুষ পান না। ১৫ বছর আগে মানুষ যে স্বপ্ন নিয়ে পরিবর্তন করেছিল সেই হাল আগের চেয়ে আরো খারাপ হয়েছে। তৃণমূলের ক্যাডাররা কেন্দ্রের বরাদ্দ অর্থ লুট করে নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

নরেন্দ্র মোদী বলেন অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তি জেলা গুলির চরিত্র বদলে দিচ্ছে। গরীব কৃষক, আদিবাসীদের কাছে লোভ দেখিয়ে জোর করে জমি কিনে নিচ্ছে। এই ভাবে পরিকল্পনা মাফিক বাংলার স্থিতি বদলে দিচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশ কারীরা।

এই অবস্থা চলতে দেওয়া হবে না। আর এই কাজ করতে হবে নাগরিকদের। তাদের নিজেদেরই উদ্যোগ নিয়ে ভোটের মাধ্যমে সরকার বদল করে রাজ্যে বিজেপি সরকারে আসলে অনুপ্রবেশ বন্ধ করবে। অনুপ্রবেশ কারীরা পালাতে বাধ্য হবে। এই উদ্দেশ্যে স্বাধীনতা দিবসে তিনি ডেমোগ্রাফি মিশন গড়ে তোলার কথা ঘোষণা করেছেন।

নরেন্দ্র মোদী বলেন বিজেপি বঙ্গে ক্ষমতায় এলে দেশের প্রথম বাণিজ্য মন্ত্রী, পথ প্রদর্শক শ্যামা প্রসাদ মুখার্জির দেখানো পথে এগিয়ে চলবে। সেই পথেই বাংলার উন্নয়ন করবে। কর্মসংস্থান মুখী উন্নয়ন হবে।

বাংলার যুবকরা কাজ পাবে নিজের রাজ্যে। বক্তব্যের শেষে দলের সমর্থকদের বলেন আগামী দিনে বাংলা হবে দেশের চালিকা শক্তি, আর তাই বাঁচতে চাই, বিজেপি তাই। এই শ্লোগান তাদের মনে করিয়ে দেন নরেন্দ্র মোদী।