ভারত কোরিয়া বন্ধনের বার্তা অভিষেক বন্দোপাধ্যায়ের, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান জানাল সফরকারি প্রতিনিধিরা

Published By Subrata Halder : 26th May 2025 : 02:17 P.M.

বঙ্গবার্তা ব্যুরো,
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে রবিবার ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ পর্বে নেতৃত্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বমঞ্চে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী দৃঢ় অবস্থান তুলে ধরতে এবং এশিয়ার দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে গঠিত হয়েছে এই প্রতিনিধিদল। সেই উদ্দেশ্যে অভিষেকদের সফরের দ্বিতীয় গন্তব্য দক্ষিণ কোরিয়া, এর আগে জাপানে গিয়েছেন তারা।
সিওলে পৌঁছে দিনভর কর্মসূচিতে অংশ নেন অভিষেক ও ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। শুরুতেই তারা বৈঠক করেন কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত অমিত কুমারের সঙ্গে।বৈঠকে দুই দেশের সম্পর্কের রূপরেখা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল প্রতিশ্রুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর দক্ষিণ কোরিয়ার প্রাক্তন উপমন্ত্রী, রাষ্ট্রদূত সহ শীর্ষস্থানীয় কৌশলগত বিশ্লেষকদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে প্রতিনিধিদল।
এই আলোচনাতেই উঠে আসে শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাস মোকাবিলার বহুপাক্ষিক কৌশল। অভিষেক স্পষ্ট ভাষায় জানান, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। তার বক্তব্য, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারত ও দক্ষিণ কোরিয়া দৃঢ় প্রতিজ্ঞ। আমরা শান্তি, ন্যায় এবং স্থিতিশীলতার মূল্যবোধকে সম্মান করি এবং যৌথভাবে এই মূল্যবোধকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তবে শুধু রাজনৈতিক বার্তাই নয়, অভিষেক এদিন কূটনৈতিক আলোচনায় বাংলা সংস্কৃতির দিকটি তুলে ধরেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী কবিতা দ্য ল্যাম্প অফ দ্য ইস্ট এর কথা, যা কোরিয়ান পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত। অভিষেকের কথায়, এই কবিতা কোরিয়ানদের হৃদয়ে আজও বিশেষ স্থান ধরে রেখেছে। এটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, ভারত ও কোরিয়ার মধ্যে চিরন্তন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সংযোগের এক গুরুত্বপূর্ণ দলিল অভিষেক বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোরিয়ার সাংস্কৃতিক তাৎপর্যকে স্বীকৃতি দিয়েছিলেন বহু আগেই। তার চিন্তাভাবনা আজও দুই দেশের মানুষের মধ্যে একটি অদৃশ্য কিন্তু দৃঢ় বন্ধনের প্রতীক। সিওলে অভিষেক বলেন,ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহস ও দৃঢ়তার সঙ্গে বিশ্বে নেতৃত্ব দেবে।