ডুরান্ড ফাইনালের হার থেকে শিক্ষা নেওয়ার বার্তা দিলেন অভিষেক

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

প্রথমবার ডুরান্ড কাপ ফাইনালে উঠলেও ট্রফি অধরাই থেকেছে ডায়মন্ড হারবারের। ট্রফি না জিতলেও এই অভূতপূর্বে পারফরম্যান্সের জন্য দলের সমস্ত খেলোয়াড়, কোচ কিবু ভিকুনা ও দলের অন্য সদস্যদের ধন্যবাদ এবং বাংলার সমর্থকদের কৃতজ্ঞতা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ইস্টবেঙ্গলের মতো ভারতীয় ফুটবলের মহীরুহ ক্লাবকে সেমিফাইনালে ২-১ গোলে পরাজিত করে ডুরান্ড কাপের ফাইনালে ওঠে ডিএইচএফসি। কিন্তু ফাইনালে নর্থইস্ট এই কাছে হেরে কাপ জয়ের আশা বিলীন হয়েছে ডায়মন্ড হারবারের। ডুরান্ড ফাইনালে হারের পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক লিখেছেন, আই লিগে তাঁর টিমের আরও শক্তিশালী, ধারালো, সুসংহত ও ক্ষুধার্ত হয়ে ফিরে আসার। একই সঙ্গে তৃণমূল সাংসদ লিখেছেন, ‘প্রত্যেকটা দুর্বলতা, প্রত্যেকটা ধাক্কা, আমাদের শক্তি বাড়াবে। ঘুরে দাঁড়ানোর রসদ দেবে।’

দলের কোচ–ফুটবলারদেরও কৃতিত্ব দিয়েছেন অভিষেক । তিনি লিখেছেন, ‘ আমাদের ফুটবলার, কোচ কিবু আর টিমের সকলকেই ধন্যবাদ। বাংলাকে এ রকম একটা অবিশ্বাস্য দৌড়ের মধ্যে এনে ফেলায়।’এখানেই থেমে না থেকে অভিষেক আরও উল্লেখ করেন ‘ আমাদের সমর্থকরাই আমাদের হৃদস্পন্দন। সবাই মিলে আমরা লিখব ইতিহাস। যা সবে শুরু হয়েছে।এবার ট্রফিটা হাতছাড়া হয়েছে, ঠিকই। আমাদের দল সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। নর্থ-ইস্ট ইউনাইটেডকে কুর্নিশ দুরন্ত পারফরম্যান্স করে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের জন্য। ’

বলা বাহুল্য, কলকাতা ময়দান তথা সর্বভারতীয় ফুটলবলে নতুন ক্লাবের এই সাফল্য চমকে দেওয়ার মতোই। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে অনেকের ধারণা হয়েছিল, তাহলে কি ডুরান্ড ফাইনালে ফাঁকা গ্যালারি থাকবে? কলকাতার তিন প্রধানের এক প্রধানও ফাইনালে নেই। তাহলে গ্যালারি ভরবে কী করে? সব সংশয়ের অবসান ঘটিয়ে দেয় ডায়মন্ড। ডুরান্ড ফাইনালে ২৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ময়দানের চতুর্থ শক্তি হচ্ছে হায়মন্ডহারবার।

ছবি- সোশ্যাল মিডিয়া