মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি, বিপর্যয় থেকে রক্ষা

বঙ্গবার্তা ব্যুরো,
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝআকাশে হঠাৎ ৯০০ ফুট নিচে নেমে যায়। গত ১৪ জুন ভিয়েনাগামী প্লেনটি ওড়ার কিছুক্ষন পরেই এই ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলাকালীন দুই পাইলটকেই সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

বিমান সংস্থার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পাইলটদের রিপোর্ট পাওয়ার পর নিয়ম অনুযায়ী বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএকে জানানো হয়। বিমানের রেকর্ডার থেকে তথ্য পাওয়ার পর আরও বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং পাইলটদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে ওইদিন এমন ঘটনার পরেও বিমানটি শেষ পর্যন্ত ৯ ঘণ্টা ৮ মিনিটের যাত্রা শেষে ভিয়েনায় নিরাপদে অবতরণ করে।

এর মাত্র দু’দিন আগে, ১২ ই জুন গুজরাটের আমেদাবাদে ধ্বংশ হয় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান। ওই দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন। এছাড়া ঘটনাস্থলে বসবাস কারি কয়েকজনের মৃত্যু ঘটে।

আমেদাবাদ দুর্ঘটনার পরপরই এবং দিল্লি ভিয়েনা ফ্লাইটের ঘটনাকে সামনে রেখে দেশের পার্লামেন্টের পরিবহন সম্পর্কিত স্থায়ী কমিটি ২৩ শে জুন একটি বৈঠক ডাকে। জনতা দল ইউনাইটেড এর সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে এই কমিটি বিমান চলাচলের নিরাপত্তা এবং এই ক্ষেত্রে সংকট নিয়ে পর্যালোচনা করে। আমেদাবাদের দুর্ঘটনায় দুটি ব্ল্যাক ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা গেছে। দুর্ঘটনাস্থলে একটি বাড়ির ছাদ থেকে, অন্যটি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্ত প্রতিবেদন ১১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে বলে অনুমান।