পীযূষ চক্রবর্তী,
অ্যাপ ক্যাব চালককে ডেকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল খোদ কলকাতায়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাদবপুরের বিজয়গড়ে। পার্কিং নিয়ে বচসার জেরে ওই অ্যাপ ক্যাব চালককে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।
জানা গিয়েছে, বিজয়গড়ের লালকার মাঠে পার্কিং নিয়ে বচসার জেরে ওই ক্যাব চালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে জয়ন্ত সেন নামে ওই যুবককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হয়। এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে, বিজয়গড়ের বাসিন্দা জয়ন্ত অ্যাপ ক্যাব চালাতেন। রাতে গাড়িটি তিনি লালকার মাঠের কাছে রাখতেন। গত বুধবার রাতেও তিনি গাড়িটি পার্কিং করতে গিয়েছিলেন। একটি স্কুটি পড়ে গিয়েছিল তার গাড়ির কাছেই। যাদের স্কুটি তারা ওই ক্যাব চালকের গাড়িটির নম্বর অ্যাপের মাধ্যমে স্ক্যান করে দেখে জয়ন্তকে ফোন করে সেখানে ডাকেন। রাত বারোটার সময় জয়ন্ত সেখানে এলে দু’পক্ষের মধ্যে বচসা হয়। অভিযোগ, মুখে কাপড় বেঁধে তাকে মারধর করা হয় যাতে তিনি চিৎকার করতে না পারেন। ব্যাপক মারধর করা হয় তাকে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয়। ওই যুবকরা সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে এলাকাবাসীদের অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। বছর চারেক আগে বিয়ে হয়েছিল জয়ন্তর। পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে স্বাভাবিকভাবে অথৈ জলে তার পরিবার। জয়ন্তর একটি দেড় বছরের সন্তান রয়েছে।
বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ

