লর্ডসে ভারতীয় বোলিংয়ে বদল বাদ কোচ গম্ভীরের প্রিয় পাত্র !

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ইংল্যান্ডের বার্মিংহাম টেস্টে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। পরের ম্যাচ লর্ডসে। কিন্তু লর্ডসে কি দলে ফিরবেন জশপ্রীত বুমরা ? ফিরলে কার পরিবর্তে খেলবেন, সিরাজ এবং আকাশ দীপ দুই জনেই ভালো বোলিং করেছেন। সেই তুলনায় ফের ব্যর্থ প্রসিদ্ধ কৃষ্ণ। ফলে তাকে বাদ দেওয়ার দাবি উঠছে। কিন্তু বুমরাকে কি লর্ডসে দেখা যাবে ?

বার্মি্ংহামে জিতেই বিষয়টি নিশ্চিত করে দিলেন ভারত অধিনায়ক। গিল এক শব্দে উত্তর দিলেন, অবশ্যই। প্রসিদ্ধ গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার হলেও দলের স্বার্থে তার বাদ পড়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ লর্ডসে তিন পেসার হতে পারেন, বুমরাহ, সিরাজ, আকাশ দীপ। অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি ফের সুযোগ পেতে পারেন।

প্রথম ও দ্বিতীয় টেস্টের পার্থক্য কোথায়, গিল বলেন, প্রথম ম্যাচে আমরা যে ভুলগুলো করেছিলাম, সেগুলো শুধরে নিয়েছি। আমাদের বোলিং এবং ফিল্ডিং ভাল হয়েছে। আমরা জানতাম এই উইকেটে ৪০০-৫০০ রান করতে পারলেই জয় আসতে পারে। হেডিংলির মতো সবসময় আমরা এত ক্যাচ মিস করব না। পেসাররা ভাল বোলিং করেছেন।

মাঠে যেমন আগ্রাসী মেজাজে ছিলেন তেমনই মাঠের বাইরেও একই রকম ফ্রন্ট ফুটে খেললেন গিল। সাংবাদিক সম্মেলনে এসেই গিল বলেন, আমার প্রিয় সাংবাদিককে তো দেখছি না। উনি কোথায়? ওকে দেখতে ইচ্ছা করছিল। ভারত অধিনায়কের কথা শুনে বৈঠকে উপস্থিত অন্য সাংবাদিকেরা হেসে ফেলেন।

গিল বলেন, টেস্ট শুরুর আগেও বলেছিলাম, আমি ইতিহাস বা পরিসংখ্যান নিয়ে বেশি ভাবি না। বিগত ৬০ বছরে আমরা ৯ টি টেস্ট এখানে খেলেছি কিন্তু জয় পাইনি। আমার মতে, ইংল্যান্ড সফরে আসা ভারতীয় দলগুলোর মধ্যে আমাদের দলটাই সেরা।

নিজের পারফরম্যান্স প্রসঙ্গে গিল বলেন, আমি নিজের খেলা নিয়ে এখনও অস্বস্তি বোধ করছি। আমার অবদানে সিরিজ জিততে পারলে, আমি খুশি হব। প্রতিদিনই আমার কাছে শিক্ষার।