শুরুর সময় মূল্য ছিল ৭ হাজার এখন দাম ১০০ কোটি, কার ?

Published by Subrata Halder, 20 June 2025, 11:10 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
তিন দশকের বেশি সময় ধরে যে অভিনেতা নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার পরিশ্রম, ধৈর্য ও মানসিক দৃঢ়তা নিঃসন্দেহে নতুন প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা। তিনি অক্ষয় কুমার। বলিউডের জনপ্রিয় অভিনেতা। ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র ৫ হাজার ১ টাকা পারিশ্রমিক দিয়ে। আর বর্তমানে একটি ছবির জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
প্রায় ৩৩ বছরের ব্যবধানে এই রকমই বদলে গেছে অক্ষয় কুমারের বাজারমূল্য। পরিশ্রম, আত্মনিবেদন এবং সৌভাগ্য মিলিয়ে আজ তিনি হয়ে উঠেছেন বিনোদন জগতের নির্ভরযোগ্য ও জনপ্রিয় মুখ।
সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানান, তার প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫ হাজার ১ টাকা। যদিও অনেকেই মনে করেন ১৯৯১ সালে তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘সওগন্ধ’-এর জন্য এই অর্থ পেয়েছিলেন। কিন্তু তিনি মূলত পারিশ্রমিকটি পেয়েছিলেন ‘দিদার’ ছবির জন্য। ছবির প্রযোজক প্রমোদ চক্রবর্তী তাকে এটি দিয়েছিলেন। তিনি আরও জানান, ছবিতে তিনি চুক্তিবদ্ধ হন ৫০ হাজার টাকায়।
৩৩ বছরে সেই অক্ষয় কুমার এখন এক একটি ছবির জন্য নিচ্ছেন প্রায় ৯০ কোটি টাকা। সম্প্রতি তিনি সাইফ আলি খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করছেন। সেখানেই তার পারিশ্রমিক ৯০ কোটি টাকা রাখা হয়েছে।
নিজের এই দীর্ঘ সফর নিয়ে কথা বলতে গিয়ে ‘হেরা ফেরি’ খ্যাত অভিনেতা বলেন, ‘সবকিছুই ভাগ্যের ব্যাপার। আমি বলি, সাফল্যের ক্ষেত্রে ৭০ শতাংশ ভাগ্য আর ৩০ শতাংশ পরিশ্রম। তরুণদের উদ্দেশে বলেন, ‘চেষ্টা করে যান, হাল ছাড়বেন না।
এদিকে অক্ষয় কুমার আবারও আলোচনায় এসেছেন ‘হেরা ফেরি ৩’ নিয়ে। সহ-অভিনেতা পরেশ রাওয়াল হঠাৎ ছবিটি থেকে সরে দাঁড়ানোয় ব্যাপারটি আইনি জটিলতা পেয়েছে। অক্ষয়ের প্রতিষ্ঠান ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করে। এই বিষয়ে জানতে চাইলে অক্ষয় জানান, সব ঠিক হয়ে যাবে আমি নিশ্চিত।
চলচ্চিত্রে অক্ষয়ের সাফল্যের তালিকা বেশ দীর্ঘ। হেরা ফেরি ওয়েলকাম, হাউসফুল, ও মাই গড, এর মতো সুপারহিট ছবির অভিনেতা তিনি।