বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ঢাকায়

Bangladesh Pakistan foreign secretary meeting 2025​

Upload By K. Halder at 17th March 2025, 02:31 PM

বঙ্গবার্তা ব্যুরো,
রাজধানী ঢাকায় বসতে চলেছে বাংলাদেশ পাকিস্তান বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। জানা গেছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হতে চলা পাক বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বিদেশ সচিব মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দু দেশের বিদেশসচিব পর্যায়ের বৈঠক।
মুহাম্মদ ইউনূসের নেতৃতে নতুন বাংলাদেশের সঙ্গে একসময়ের বন্ধু ভারতের দূরত্ব তৈরি হওয়ায় সেই সুযোগকেই কাজে লাগিয়ে মাঠে নেমেছে পাকিস্তান।কাজেই দ্রুত বদলে যেতে চলেছে ওপারবাংলার রাজনৈতিক ও কূটনৈতিক চিত্র।বুধবারই পাক বিদেশ সচিব আমনা বালুচ ঢাকায় এসেছেন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী এই বৈঠকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়টি আলোচনায় স্থান পাবে।চলতি মাসের শেষদিকে ঢাকা সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশহাক দার। এদিনের বৈঠকে সেই সফর নিয়েও আলোচনার পাশাপাশি ঢাকা-ইসলামাবাদের সম্পর্কের এই পর্বে রাজনীতি, বাণিজ্য, যোগাযোগ, প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। আমনা বালুচ এই সফরে প্রধান উপদেষ্টা ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করবেন।