মুর্শিদাবাদের বেলডাঙা থেকে ধৃত বাংলাদেশী অনুপ্রবেশকারী

Published By Subrata Halder, 17 May 2025, 08:50 pm

বঙ্গবার্তা ব্যুরো,
অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ। ধৃতের নাম সেলিম আনসারি। সে মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা। খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে শোরগোল পড়েছে। বিএসএফ সূত্রের খবর, তাদের ০৬ ব্যাটালিয়নের মেখলিগঞ্জের বাগডোকরা-ফুলকাডাবরির অর্জুন সীমা চৌকির জওয়ানরা ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সত্য বেরিয়ে আসে। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেছে, সে বাংলাদেশের নাগরিক। চার বছর আগে অবৈধভাবে ভারতে আসে এবং মুর্শিদাবাদের বেলডাঙায় বসবাস শুরু করে। ধীরে ধীরে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে নিয়েছে।
আরও জানা গিয়েছে, তার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকায়। বেলডাঙায় মায়ের সঙ্গে বসবাস করে। বেলডাঙায় সেলাইয়ের কাজের পাশাপাশি মকরামপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম। একই সঙ্গে একটি স্থানীয় মাদ্রাসার শিক্ষক। শুধু তাই নয় অন্যের নামে ইমাম ভাতা তোলার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে।
এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠেছে কীভাবে এক বাংলাদেশি নাগরিক বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করে, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত হতে পারেন? বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মোহিত ত্যাগী জানান, ধৃতকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাকে সীমান্ত পারাপারে সাহায্যকারী দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত সেলিম আনসারির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, তার সঙ্গে আর কেউ যুক্ত কি না খতিয়ে দেখা হচ্ছে।