বঙ্গবার্তা ব্যুরো,
দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন প্রায় দ্বিগুণ করতে চলে বাংলার ডেয়ারি। পুজোর মরসুমকেই সামনে রেখে দুধ, ঘি, দই-সহ দুগ্ধজাত পণ্যের সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের তরফে জানানো হয়েছে ।
সংস্থার চিফ জেনারেল ম্যানেজার গৌরীশঙ্কর কোনার বলেন, বর্তমানে হুগলির ডানকুনির কারখানা থেকে প্রতিদিন গড়ে প্রায় এক লক্ষ দশ হাজার লিটার দুধ সরবরাহ করা হয়। প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগে হরিণঘাটায় তৈরি করা নতুন কারখানা থেকে প্রতিদিন আরও এক লক্ষ লিটার দুধ বাজারে ছাড়া হবে। দুধের সরবরাহ ব্যবস্থাতেও আমূল পরিবর্তন আনা হয়েছে।
কলকাতা ও সংলগ্ন জেলাগুলির জন্য প্রায় সত্তর জন ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হচ্ছে। তাঁরা সরাসরি ভেন্ডরদের কাছে দুধ পৌঁছে দেবেন। ঘি, পনির, রকমারি দই-সহ বাংলার ডেয়ারির অন্যান্য পণ্যও তাদের মাধ্যমে বাজারে পৌঁছবে। পুজোর আগে বাজারে চাহিদা সামলাতে এই সম্প্রসারণ পরিকল্পনা কার্যকর করা হচ্ছে।

