পদপিষ্টের ৮৪ দিন পর বড় ঘোষণা বেঙ্গালুরু দলের

বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনার ৮৪ দিন পর বৃহস্পতিবার আরসিবি’র তরফে প্রথম পোস্ট এল সোশাল মিডিয়ায় ৷ যেখা নীরবতা ভেঙে ‘আরসিবি কেয়ার্স’ নামক একটি উদ্যোগের কথাও ঘোষণা করল তাঁরা ৷ যে উদ্যোগের অধীনে পদপিষ্টে প্রাণ হারানো এবং আহত সমর্থকদের সম্মান জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের সাহায্য করবে আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি দলটি ৷

চিন্নাস্বামী পদপিষ্টের ঘটনায় আগেই মৃত অনুরাগীদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল এবং একইসঙ্গে পঞ্চাশেরও বেশি আহত অনুরাগীদের চিকিৎসার সুবিধার্থে ‘আরসিবি কেয়ার্স’ ফান্ডের কথা ঘোষণা করেছিল ৷ পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে আইপিএল ২০২৫-এর খেতাব জিতে দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়েছিল আরসিবি। প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতার পর, জয়ের আনন্দ ছিল অন্যরকম এক পর্যায়ে।

বৃহস্পতিবার দলের তরফে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়, ‘যে জায়গাটা আগে উচ্ছ্বাস, স্মৃতি আর স্মরণীয় মুহূর্তে ভরে থাকত, ৪ঠা জুনের পর সেই জায়গাটা একেবারে বদলে গিয়েছে। ওইদিন আমাদের সকলের হৃদয় ভেঙেছে। তারপর থেকেই আমরা নীরব থেকেছি। প্রচণ্ড যন্ত্রণা থেকেই এই নীরবতা। অনেক কিছু শুনেছি। সেখান থেকেই ধীরে ধীরে এমন একটা পদক্ষেপ করার কথা ভেবেছি, যেটা কেবল একটা প্রতিক্রিয়া নয়। এমন একটা পদক্ষেপ যার প্রতি আমরা সকলে আস্থা রাখি।’

আরসিবির পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে, “এই নীরবতার মধ্যে আমরা শোকপালন করেছি, শুনেছি, বুঝেছি। ধীরে ধীরে আমরা এমন কিছু গড়ে তুলেছি যা শুধু একটা প্রতিক্রিয়া নয়, যাকে আমরা সত্যিই বিশ্বাস করি। এ ভাবেই ‘আরসিবি কেয়ার্স’ জীবন পেয়েছে। সমর্থন সম্মান জানাতে এই প্রয়াস খুব দরকার ছিল। ।”