কমল হাসানের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ বয়কটের ডাক বিজেপির

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

দক্ষিণী সুপার স্টার কমল হাসানের বিরুদ্ধে হিন্দু সনাতন ধর্মকে অপমান করার অভিযোগ উঠল। প্রতিবাদে তার অভিনীত সিনেমা বয়কটের দাবি তোলা হয়েছে।সম্প্রতি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে কমল হাসান উপস্থিত ছিলেন। সেখানে তিনি সনাতন ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে মন্তব্য করেন। এই মন্তব্যগুলি ভালোভাবে নেননি তামিলনাড়ুর মানুষ ও বিজেপি সচিব অমরপ্রসাদ রেড্ডি। চেন্নাইয়ের অনুষ্ঠানে কমলের ওই মন্তব্যের কারণে অভিনেতার উপরে নিষেধাজ্ঞা জারির দাবি তোলেন তিনি।

অমরপ্রসাদ তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। এতে তিনি বলেন, আমি সব হিন্দুর কাছে আবেদন করছি, কমল হাসান সনাতন ধর্মকে ধ্বংস করতে চান। তার সিনেমা বয়কট করুন। এটা যেন একটা বার্তা হিসেবে যায়। সনাতন ধর্মকে অপমান করলে তার ফল ভুগতে হবে। দেখা যাক, এরপরে আর কোন অভিনেতা হিন্দু ধর্ম নিয়ে ব্যঙ্গ করার সাহস দেখান।

সেই ভিডিওতেই কমলকে নিয়ে বিজেপি সচিব আরও বলেন, জনপ্রিয় অভিনেতা কমল হাসান সম্প্রতি একটি জায়গায় বলেছেন, তিনি সনাতন ধর্মকে ধ্বংস করতে চান। আগে এই কাজ করতেন উদয়নিধি স্ট্যালিন। এখন কমল হাসান বলছেন। আমি সব হিন্দুকে বলছি, এবার এই লোকগুলোকে শিক্ষা দেওয়ার সময় এসেছে। প্রেক্ষাগৃহে বা ওটিটিতে কমল হাসানের ছবি দেখা বন্ধ করতে হবে। হাসানের এই মন্তব্য কোটি কোটি ভারতীয় ও হিন্দুর ভাবাবেগে আঘাত করেছে।

দেশে হিন্দি ভাষার আগ্রাসনের বিরুদ্ধে সরব হন কমল হাসান।তিনি বলেন, একমাত্র শিক্ষাই মানুষকে রক্ষা করতে পারে। তিনি বলেছিলেন, এই যুদ্ধে শুধু শিক্ষারই সামর্থ্য রয়েছে দেশকে বদলানোর। একনায়কতন্ত্র ও সনাতনকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে একমাত্র শিক্ষার। হাতে আর অন্য অস্ত্রের দরকার নেই। অন্য কোনো অস্ত্র দিয়ে এই যুদ্ধ জেতা যাবে না। এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে সনাতন ধর্মের গোঁড়ামির বিরুদ্ধেই কমল বলতে চেয়েছেন বলে যুক্তি অনেকের।