বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- বিসিসিআই
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত, সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনই খবর বিসিসিআই সূত্রের। কেন্দ্র সরকারের নির্দেশেই সফর বাতিল করছে বোর্ড। অগাস্টে বাংলাদেশ সফরে খেলতে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার, ৩টে একদিবসিয় ম্যাচ, ৩ টে টি-২০ সিরিজ খেলার সূচি ছিল ভারতের।
১৭ ই অগাস্ট থেকে সিরিজ শুরু হওয়ার কথা। আপাতত সফির বাতিল হতে চলেছে। পরবর্তী সময় এই সিরিজ খেলার চেষ্টা হতে পারে। দু দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক এবং বাণিজ্য সংক্রান্ত সমস্যার জন্য এই সিদ্ধান্ত। তবে সরকারিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও কিছু জানায়নি।
এক সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, বিসিবির তরফ থেকে বলা হয়েছে এখন ভারতের সঙ্গে সিরিজ হবে না। তাই টেন্ডার ডাকা হলেও সম্প্রচারের স্বত্ব বিক্রি হয়নি। আপাতত পাকিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত সেদেশের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সিরিজ বাতিল বা পিছিয়ে গেলে কবে হবে তা ঠিক নেই। এরপর ভারতের সীমিত ওভারের সিরিজ রয়েছে অক্টোবরে। তার আগে এশিয়া কাপ হওয়ার কথা। কিন্তু সেই টুর্নামেন্ট হওয়া নিয়েও জটিলতা আছে।
তবে এশিয়া কাপ না হলে ১৯ শে অক্টোবর থেকে সিরিজ শুরু হবে। তাই রোহিত, বিরাটদের ফের ২২ গজে দেখার জন্য অন্তত তিন মাস অপেক্ষা করতে হবে।

