বঙ্গবার্তা ব্যুরো,
বৈঠক শুরু হবে বেলা সওয়া বারোটায়। স্থান নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। রবিবার রাত থেকেই সেখানে ভীড় জমিয়েছেন চাকরিহারারা। চাকরিহারাদের মধ্যে এখন অনেক ভাগ হয়ে গেছে। প্রথমত কারা যোগ্য কারা অযোগ্য তা নিয়েই সব চাকরিহারাদের মধ্যে বিভেদ আছে। আবার যারা যোগ্য তাঁদের মধ্যেও দু টিতি ভাগ হয়ে গেছে। তার ওপর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সোমবারের বৈঠকে ঢোকার পাস নিয়ে। পাস ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না পুলিশ।
ডি সি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় নিজে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তিনি জানিয়েছেন যাদের কাছে পাস আছে তাদের অন্য রাস্তা দিয়ে ভিতরে ঢোকানো হচ্ছে।
এবার এই পাস কে দিল, কে পেল , কীভাবে পেল তা নিয়ে চাকরিহারাদের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকেই বলছেন পাস দেওয়া হয়েছে নবান্ন থেকে। এদিকে যোগ্য প্রার্থীরা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে একজন অযোগ্য প্রার্থীকেও যদি তারা বৈঠকে দেখতে পান তাহলে তারা তা মেনে নেবেন না। বৈঠক বানচাল করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
এই পরিস্থিতিতে সবাই অপেক্ষায় আছেন মুখ্যমন্ত্রী বৈঠকে কী বলেন তা শোনার জন্য। তবে গতকাল শহীদ মিনারে বৈঠকের পর সাংবাদিকদের চাকরিহারারা স্পষ্ট করে দেন, কোনো প্রতিশ্রুতি বা ভাতা নয়, চাকরি ফিরিয়ে দিতে হবে, না হলে বৃহৎ আন্দোলন হবে, কিন্তু হাইকোর্টের আইনজীবীদের মত সেটা করা সোজা নয়।

