ডুরান্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, এবার রেকর্ডের অঙ্কের পুরস্কার ঘোষণা

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

আইএসএল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা হল বৃহস্পতিবার। আগামী ২৩ শে জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২৩ জুলাই উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে মোট অংশগ্রহণকারী ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। ডুরান্ডে বাংলা থেকে খেলবে চার দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ডহারবার এফসি। এবারে আইএসএল থেকে ছয়টি দল ডুরান্ডে অংশ নিচ্ছে- মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি এবং মহামেডান স্পোর্টিং।

২০২৫ ডুরান্ড কাপে মোট পুরস্কার মূল্য ৩ কোটি টাকা। মোট পুরস্কারমূল্য ১.২ কোটি টাকা থেকে বেড়ে ৩ কোটি টাকা হয়েছে। এছাড়াও গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভসজয়ীদের দেওয়া হবে এসইউভি। বিদেশি দল হিসাবে এবারের ডুরান্ডে খেলবে নেপাল ত্রিভুবন আর্মি আর মালয়েশিয়ার সেনা দল।

চলতি বছরের ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে ৫টি শহরের ৬টি মাঠে। কলকাতার যুবভারতী ও কিশোরভারতী ছাড়াও ম্যাচ হবে কোকরাঝাড়, ইম্ফল, শিলং ও জামশেদপুরে। ডুরান্ডে টিকিট বণ্টন নিয়ে প্রত্যেকবারই ক্ষোভ উগড়ে দেয় কলকাতার ক্লাবগুলো। যদিও পর্যাপ্ত পরিমাণ টিকিট কলকাতার ক্লাবগুলোকে দেওয়ার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর।

রাজ্যের ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা বলেন, “টানা ছ’বার ডুরান্ড আয়োজন করতে পেরে আমরা গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি দফতর এই আয়োজনকে সফল করতে একসঙ্গে কাজ করেছে।”