অফিসার নিয়োগ নিয়ে কমিশন সরকার দ্বন্দ্ব চরমে

বঙ্গবার্তা ব্যুরো,

দুপুরেই কমিশনের ভোটার তালিকা নিবিড় সংশোধনের নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কমিশনের অফিসার নিয়োগের জন্য রাজ্য সরকারের প্রস্তাবিত নামের তালিকায় আপত্তি জানাল নির্বাচন কমিশন।

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অতিরিক্ত সিইও, ডেপুটি সিইও এবং জয়েন্ট সিইও, এই তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য রাজ্যের কাছে তিনজন করে তিনটি নামের প্যানেল চেয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো রাজ্য সরকার নামের তালিকা পাঠালেও সেই তালিকায় সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। নিজেদের আপত্তির কথা রাজ্য সরকারকে জানিয়েছে কমিশন।
কমিশনের বক্তব্য, নামের যে তালিকা পাঠানো হয়েছে তাদের কারোরই নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা নেই। এই পরিস্থিতিতে কমিশন ফের নতুন করে তালিকা পাঠাতে বলেছে রাজ্যকে। চিঠি দিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, যোগ্যতা ও অভিজ্ঞতার নিরিখে নতুন প্যানেল তৈরি করে দ্রুত সংশোধিত নামের তালিকা পাঠাতে হবে।

আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষিতেই এই তিন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ অবিলম্বে প্রয়োজন। তাই নামের তালিকা চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের দেওয়া নামের তালিকায় নির্বাচন কমিশন আপত্তি জানানোয় ফের নতুন করে প্যানেল তৈরির চিন্তাভাবনা করতে হবে রাজ্য প্রশাসন ও কর্মিবর্গ সংস্কার দফতরকে।

এই মুহূর্তে রাজ্যের সিভিল সার্ভিস আধিকারিকদের শাস্তির নিদান দিয়ে নির্বাচন কমিশন রাজ্য সরকারি আধিকারিক স্তরে যে আলোড়ন তৈরি করেছে, তার ভিত্তিতে ফের নতুন করে প্যানেল তৈরি করতে জটিলতা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসনের আধিকারিকরা।