বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- ইস্টবেঙ্গল
আগামী ১৭ আগস্ট সন্ধে ৭টায় যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান। হাইভোল্টেজ ডার্বি ঘিরে ময়দানে বাড়ছে উন্মাদনার পারদ। কবে, কখন থেকে পাওয়া যাবে মেগা ডার্বির টিকিট? অফ লাইনের আগেই শুরু হয়ে যাচ্ছে অনলাইন টিকিট বিক্রি। অনলাইন টিকিট পাওয়া যাবে আগামী ১৪ আগস্ট সকাল ১১টা থেকে। পাওয়া যাবে বুকমাইশো অ্যাপ ও ওয়েবসাইট থেকে।
একজন সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। অনলাইন টিকিটের ফিজিক্যাল কপি পাওয়া যাবে মহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে, আগামী ১৪, ১৬ ও ১৭ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৫টা থেকে।
বড় ম্যাচের অফলাইন টিকিট পাওয়া যাবে আগামী ১৬ আগস্ট সকাল ১১টা থেকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের বক্স অফিস থেকে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট নিতে পারবেন।সূত্রের খবর, টিকিটের দাম রাখা হবে ২০০, ২৫০ এবং ৩০০ টাকা।
বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৬ তম জন্মদিবস স্মরণে “স্পোর্টস ডে” পালিত হল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে।সকালে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির হল।
বিকেলে লাইফ সেভিং অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসসহ ক্লাবের একঝাঁক কর্মকর্তা। ইস্টবেঙ্গল ক্লাবের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
কলকাতা লিগ প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, লিগের জনপ্রিয়তা কমছে না। এই লিগের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসছে। হকির জন্য ময়দানে কলকাতা লিগের ম্যাচ করা সম্ভব হচ্ছে না। আগামী মরশুম থেকে যাতে লিগের খেলা ময়দানে হয় সেই ব্যবস্থা করা হবে।
ময়দানে ডার্বির দামামা বেজে গিয়েছে, লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, লড়াই করেই আমাদের ক্লাবের জন্ম। আগামী ১৭ তারিখের ম্যাচেও আমরা লড়াই করব এবং জয় পেয়েই মাঠ ছাড়ব।

