নদীয়ার রাজাপুরে জগন্নাথের স্নান যাত্রায় ভক্ত সমাগম

Published By Subrata Halder, 11 June 2025, 10:35 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, রমিত সরকার
নদীয়ার রাজাপুরের দূরত্ব মায়াপুর ইসকন মন্দির থেকে মাত্র ৫ কিলোমিটার। কিন্তু জগন্নাথ, বলদেব ও সুভদ্রার এই মন্দিরে সারা বছরই পূজা অর্চনা চলে। তবে আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রভু জগন্নাথকে স্নান করানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে ভক্তেরা।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রথযাত্রার দিন তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি নিয়ে রওনা হন ইসকন মন্দিরের উদ্দেশে। ভক্তরা রশি টেনে ও নানা বাদ্যযন্ত্র বাজিয়ে রথ টানেন। ইসকন মন্দিরেই অস্থায়ী মাসির বাড়ি তৈরি হয়, যেখানে সাত দিন ধরে ৫৬ ভোগ দিয়ে দেবতাদের পূজা করা হয়। সাত দিন পর সেই একই রথে দেবতারা ফিরে আসেন রাজাপুর মন্দিরে। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সারা বিশ্ব থেকে ভক্তেরা আসেন মায়াপুরে
জগন্নাথের টানে।