মেট গালাতে গিয়েও রসিকতায় দিলজিৎ

Published By Subrata Halder, 06 May 2025, 08:39 pm

বঙ্গবার্তা ব্যুরো,
বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। বলিউড সিনেমার অভিনয়েও আলোচনায় এসেছেন। এবার মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে আমন্ত্রণ পেয়ে গর্বিত এই গায়ক-অভিনেতা।
বলিউড সূত্রে জানা গেছে, পপসম্রাজ্ঞী শাকিরার পাশেই নাকি আসন নির্ধারিত হয়েছে তার জন্য। এত সম্মান পেয়ে উচ্ছ্বসিত দিলজিৎ। তবে এমন সম্মানিত হয়েও মশকরা করার সুযোগ ছাড়েন নি তিনি।
দিলজিৎ দোসাঞ্ঝ সব সময়ই তার রসিক মনের পরিচয় দেন। আর মেট গালা অনুষ্ঠানের জন্য নিউইয়র্কে পা রেখেও ফের রসবোধের পরিচয় দিলেন। সোমবার ৫ ই মে, সোশ্যাল মিডিয়ায় বিশ্বমানের ফ্যাশন ইভেন্টের আমন্ত্রণপত্র হাতে একটি ছবি শেয়ার করেন দিলজিৎ।
এরপরই নিউইর্য়কের হোটেলের ঘর থেকে একটি ভিডিও পোস্ট করেন গায়ক-অভিনেতা। তখনো হাতে ধরা সেই আমন্ত্রণপত্র। সেখানেই মশকরা করে দিলজিতের মন্তব্য, ‘এর পর থেকে আমাকে কেউ আর বিয়ের কার্ড পাঠাবেন না, কারণ আমি মেট গালার মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছি। তবে অনুষ্ঠানের রিল বানাতে পারব না। কারণ ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ।’
ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে এরপর ভারতীয় বিয়ের অনুষ্ঠানে সঙ্গে তুলনা করে দিলজিৎ আরও বলেন, মাথাপিছু একটা প্লেট বরাদ্দ। প্রতিটা প্লেটের হিসেব রাখা হচ্ছে। জানা গেছে, দিলজিৎ পোশাকশিল্পী প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পোশাকে থাকবেন মেট গালায়।