বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেন দিব্যা দেশমুখ। খেতাব জিতে সরাসরি পেলেন গ্র্যান্ডমাস্টার শিরোপাও। ভারতের মহিলা দাবাড়ুদের মধ্যে চতুর্থ হিসেবে এই নজির গড়লেন। ভারতীয় দাবাড়ুদের মধ্যে ৮৮তম গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যা।একই দিনে বিশ্বসেরা হওয়া এবং গ্র্যান্ডমাস্টার শিরোপা জিতে রেকর্ডবুকে নাম তুললেন ১৯ বছরের দিব্যা। টুর্নামেন্টের শুরুতে তাঁকে ভাবা হয়েছিল আন্ডারডগ। ১৫তম বাছাই ছিলেন তিনি।
শনি ও রবি অনুষ্ঠিত হয় দুটি ক্লাসিক্যাল গেম। দুটি ম্যাচই ড্র হওয়ায় ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেই টাইব্রেকার জিতে দিব্যা ছড়িয়ে দিলেন দীপ্তি। সোমবার ফিডে মহিলা বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে ২.৫-১.৫ স্কোরে ভারতীয় সতীর্থ কোনেরু হাম্পিকে পরাজিত করেছেন দিব্যা। এর ফলে দাবায় প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত। এর আগে দু’টো ক্লাসিকাল গেম ড্র হওয়ার পর ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে।
প্রথম র্যাুপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। দিব্যা এবং হাম্পি দু’জনেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিলেন। অভিজ্ঞতায় হাম্পির থেকে অনেক পিছিয়ে ছিলেন দিব্যা। কিন্তু তিনি বাজিমাত করলেন আগ্রাসন কাজে লাগিয়ে। গোটা প্রতিযোগিতায় আক্রমণাত্মক খেলেছেন তিনি। তুলনায় হাম্পিকে অনেক বেশি রক্ষণাত্মক দেখিয়েছে। নিজের দ্বিগুণ বয়সি হাম্পিকে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ জিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি দিব্যা।আনন্দে কেঁদে ফেলেন তিনি। ছুট্টে গিয়ে মা’কে জড়িয়ে ধরেন। নতুন বিশ্বকাপ চ্যাম্পিয়নের এই আবেগঘন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

