ইজরায়েলি হামলায় তেহরানে দফায় দফায় বিস্ফোরণ, আতঙ্ক

Published By Subrata Halder, 15 June 2025, 09:31 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
দক্ষিণ তেহরানের একটি তেল শোধনাগারে ইজরায়েলি হামলায়
বিস্ফোরনের খবর। রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সেখানে সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র কয়েক মিনিট আগেও কমপক্ষে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ইজরায়েলি হামলা অব্যাহত থাকার ইঙ্গিত। একই সঙ্গে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
ইরান আগামী দিনে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
এক সংবাদ সম্মেলনে ইজরায়েলের আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, চ্যালেঞ্জিং দিন সামনে আসছে। আগামী দিনগুলোতে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আঘাতের আশঙ্কা রয়েছে।
তিনি জানান, ইজরায়েলি বিমান বাহিনীও এক মুহূর্তের জন্য হামলা থামাচ্ছে না।
ডেফরিন বলেন, এই মুহূর্তেও আমরা তেহরানে ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছি। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতার ওপর আঘাত বাড়াচ্ছি, যাতে ঘরোয়া ফ্রন্টে ঝুঁকি কমানো যায়। এই বিবৃতিতে স্পষ্ট হয়ে উঠেছে, পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সামনের দিনগুলোতে সংঘাত আরও গভীর হতে পারে।