বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। ফিফাকে চিঠি দিয়েছে ফুটবলারদের সংস্থা ফিফপ্রো। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ফিফাকে ফিফপ্রো জানিয়েছে, “আইএসএল আসন্ন মরশুমে হবে কি না তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি। অনেক ফুটবলার চাইছেন, এই বিষয়ে আমাদের সংস্থা আগ্রহ দেখাক। এর মধ্যেই বেশ কিছু ক্লাব ফুটবলারদের চুক্তি বাতিল করেছে। ফিফার কাছে আমরা আবেদন করছি, সমস্যা মেটা না পর্যন্ত যেন ফুটবলারদের চুক্তি বাতিল না করা হয়। এই বেতনের উপর তাঁদের জীবন নির্ভর করছে। সেটা মাথায় রাখা উচিত।”
ক্লাবগুলির চিঠিতে উল্লেখ করা হয়েছে “গত ১১ বছর ধরে নিয়মিত বিনিয়োগ এবং সম্মিলিত প্রয়াসের ফলে ক্লাবগুলো যুব ফুটবলের উন্নয়ন, অনুশীলনের পরিকাঠামো, ফুটবলের প্রচার করে চলেছে। পেশাদার ক্লাবগুলো জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফুটবলের প্রতি আস্থা আবার ফিরিয়ে এনেছে।” এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার শীর্ষ আদালত বিষয়টি শুনবে ৷
এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। যে কারণে আগামী মরশুমের আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত। আইএসএল নিয়ে অচলাবস্থা চলতে থাকলে সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিতে বাধ্য হবো, এই মর্মে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ছাড়া, মহামেডানসহ বাকি ১০ আইএসএল ক্লাবের চিঠি এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে।

