গিলের ইনিংসে উচ্ছ্বসিত সৌরভ, যুবরাজ:

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- বিসিসিআই

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল অতীতের সব রেকর্ড ভেঙে ২৬৯ রান করেছেন। ৩৮৭ বলের ইনিংসে ছিল ৩০টি চার ও ৩টি ছয়।

টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় শুভমান টপকে গিয়েছেন গাভাসকর, সচিন, কোহলিকে। অধিনায়কত্ব পেয়েই পরপর দুই টেস্টে শতরান করা গিলের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে যুবরাজ সিং।

সমাজ মাধ্যমে সৌরভ লেখেন, অসাধারণ ব্যাটিং গিলের। একেবারে নিখুঁত এবং ত্রুটিহীন। ইংল্যান্ডে আমার দেখা যেকোনও সেরা ইনিংসগুলির মধ্যে একটি। শুভমান গত কয়েক মাসে অনেক উন্নতি করেছে। সম্ভবত টেস্ট ক্রিকেটে ওপেনিং ওর জন্য সঠিক জায়গা ছিল না। এই টেস্টটা কিন্তু ভারত জিততে পারে।

যুবরাজ সিং সমাজ মাধ্যম এক্সে লিখেছেন, কুর্নিশ শুভমান, এরকম একটা বড় মঞ্চে কত সহজে তুমি ব্যাটিং করলে। দারুণ খেলেছো। এই দ্বিশতরানটা তোমার প্রাপ্য ছিল। লক্ষ্য যখন স্থির থাকে, তখন কাউকে আটকানো যায় না, তারই উদাহরণ এই ইনিংস।

দুরন্ত ইনিংস খেলার পর হোটেলে ফিরেই সুইমিং পুলে স্নান সেরে নেন গিল। তার পর নৈশভোজ সেরে ঘরে ফিরে ফোনে বাবা-মায়ের সঙ্গে কথাও বলেন। মা বাবার সঙ্গে কথা কী হয়েছে সেই প্রসঙ্গে গিল বলেন, বাবা আমাকে বলেন ভাল খেলেছ। তোমার ব্যাটিং দেখে খুব আনন্দ হয়েছে। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। মা বলল, এ ভাবেই খেলে যাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

একইসঙ্গে গিল আরও বলেন, এর আগের সিরিজগুলোতেও ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু ৩০-৩৫ করার পর আউট হয়ে যাচ্ছিলাম। বড় রান কিছুতেই পাচ্ছিলাম না। একটু বেশিই ফোকাস করতে যাচ্ছিলাম। অনেকেই বলছিলেন, অনেক সময় বেশি ফোকাস করতে গেলে সমস্যা হয়।

আমি আমার ছোট বেলার কোচের পরামর্শ গুলো মনে করি। সেই অনুসারে খেলা শুরু করি, আর তাতেই সাফল্য পেয়েছি। ভালো ইনিংস বা বড়ো রান করতে হলে প্রথম শর্ত হলো ধৈর্য্য নিয়ে অপেক্ষা করে থাকা, আর আশা জাগিয়ে রাখা। ট্রিপল সেঞ্চুরি হলো না বলে কোনো আফসোস নেই গিলের