হেডিংলিতে সবুজ পিচে গিলদের প্রথম টেস্টের অগ্নি পরীক্ষা

Published by Subrata Halder, 17 June 2025, 06:35 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
২০ শে জুন থেকে লিডসের হেডিংলতেই শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। পাঁচ টেস্টের সিরিজের শুরুর ম্যাচে লিডসেও এখন উইকেটে সবুজ আভা থাকলেও পরের দিকে সেটা থাকবে না বলে জানালেন পিচ প্রস্তুতকারক রিচার্ড রবিনসন।
পিচ কিউরেটর জানিয়েছেন, তিনি এমন পিচই বানিয়েছেন যাতে খেলা পাঁচ দিন চলে। তিন দিনে শেষ হয়ে যাবে, এমন পিচ বানাতে চাননি তিনি। একইসঙ্গে পিচ কিউরেটর এও বলেন, টেস্টের সময় ভাল গরম থাকবে। তাই উইকেটে আর্দ্রতা আছে। খেলা যত গড়াবে তত আর্দ্রতা কমবে। রিচার্ড রবিনসন বলেন, আশা করছি ব্যাট ও বলের মধ্যে ভাল লড়াই দেখতে পাওয়া যাবে। শুরুতে বোলারেরা সুবিধা পাবে। খেলা যত গড়াবে তত পিচ পাটা হবে। প্রথম ইনিংসে ৩০০ রান ভাল স্কোর। পরের দুটো ইনিংসে ব্যাট করা আরও সহজ হবে। আশা করছি চতুর্থ ও পঞ্চম দিন স্পিনারেরাও সুবিধা পাবে। প্রথম ইনিংসে যদি কোনও টিম তিনশো তুলতে পারে, তা হলে বলব, সেটা ভালো স্কোর। পরের ইনিংসগুলোতে আর একটু বেশি রান উঠবে, কারণ পিচ তখন আর একটু সহজ হবে।
পিচ কিউরেটরের কথায়, খেলা যত গড়াবে, ততই পিচ পাটা হতে থাকবে। স্বাভাবিকভাবেই, প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় ইনিংসে ব্যাট করা কিছুটা সহজ হবে। চতুর্থ ইনিংসে আবার পিচে ভালো স্পিন হবে।
ইংল্যান্ডের পিচ এবং আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ইতিমধ্যেই সিরিজ শুরুর ১৪ দিন আগে সেখানে পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে ১০ দিনের একটি শিবির করেছে তারা। একইসঙ্গে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ভারতীয় দলের সদস্যরা।