বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
বন্ধ কলকারখানা ও চা বাগিচা শ্রমিকদের আর্থিক সহায়তা প্রকল্প বা ফাওলাই আরও দ্রুত ও স্বচ্ছভাবে কার্যকর করতে নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। রাষ্ট্রায়ত্ব তথ্যপ্রযুক্তি সংস্থা ওয়েবেলকে এই পোর্টাল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজ্যের শ্রম দফতর সূত্রে জানা গেছে, এই উদ্যোগের সাহায্যে লকআউট, বন্ধ থাকা পরিত্যক্ত কলকারখানার শ্রমিকদের সরকারি সুবিধা পাওয়া আরও সহজ ও কার্যকর হবে। চা বাগানগুলির ক্ষেত্রে এক মাস বন্ধ থাকলেই শ্রমিকেরা এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন, অন্যদিকে অন্যান্য শিল্পক্ষেত্রে কমপক্ষে ছমাস বন্ধ থাকলে তবেই দাবী গ্রাহ্য হবে।
নতুন পোর্টালে শ্রমিকরা অনলাইন নাম নথিভুক্তিকরণ, যাচাই প্রক্রিয়ার সুযোগ পাবেন। প্রকল্পে অন্তর্ভুক্ত হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি ভাতা পাবেন। পোর্টালে নতুন শিল্প ইউনিট ও উপভোক্তা যুক্ত করা, এবং মৃত্যুবরণ, অবসর অথবা পুনঃনিয়োগের কারণে অযোগ্য উপভোক্তাদের বাদ দেওয়ার ব্যবস্থাও থাকবে ।
এই ডিজিটাল প্ল্যাটফর্ম রাজ্যের অর্থ দফতরেরে আইএফএমএস পোর্টালের সঙ্গে যুক্ত থাকবে যাতে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ দেওয়া যায়। এছাড়া পোর্টালে থাকবে পুরোনো তথ্যভাণ্ডার স্থানান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রতিবেদন তৈরির সুবিধা, নিরাপদ সার্টিফিকেশন, সাইবার নিরাপত্তা নিরীক্ষা এবং রাজ্য তথ্যকেন্দ্রে হোস্টিংয়ের ব্যবস্থা । এর ফলে অর্থপ্রদানে স্বচ্ছতা বাড়বে,অযথা দেরী হবে না এবং প্রশাসনিক হস্তক্ষেপও হ্রাস পাবে। কয়েক সপ্তাহের মধ্যেই নতুন পোর্টাল চালু করা হবে বলে শ্রম দফতর সূত্রে জানানো হয়েছে।

