Published by Subrata Halder 12th May 2025 2:55 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
নিউমার্কেট চত্বর থেকে হকারদের তুলে দিতে বিশেষ অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা। বাস্তব অবস্থা হলো পুলিশের অভিযান শেষ হলেই হকাররা আবার নিজের জায়গায় ফিরে আসছেন। অনেকটা লুকোচুরি খেলার মত।
নিউমার্কেট এলাকায় এই হকারদের নিয়ে স্থায়ী দোকানদারদের অভিযোগ বহু দিনের। তাদের এই অভিযোগ তারা কলকাতা পুরসভা এবং পুলিশ কর্তৃপক্ষ সবাইকে জানিয়েছে। কিন্তু বারবার দেখা গেছে হকাররা এই আবেদন কে পাত্তাই দিচ্ছেন না। যদিও হকারদের সংগঠমের তরফে রাস্তা দখল করে ব্যবসা করার নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু ওই পর্যন্তই। নিয়ম অনুযায়ী হকারদের ফুটপাতের দুই তৃতীয়াংশ জায়গা ছেড়ে রাখতে হয়। বাকি জায়গায় তারা তাদের ব্যবসা চালাতে পারে।
বাস্তবে তার উল্টোটাই দেখা যাচ্ছে। প্রায় পুরো রাস্তা জুড়েই বসছে হকাররা। এই পরিস্থিতিতে একদিকে যেমন স্থায়ী দোকানদারদের ব্যবসার সমস্যা হচ্ছে, তেমনি ফুটপাত দখল হয়ে গিয়ে মানুষের চলাচলের রাস্তা থাকছে না। এই অবস্থার পরিবর্তনের জন্য কলকাতা পুলিশ এবং পুরসভা যৌথ অভিযান চালায় নিউমার্কেট এলাকায়। কিন্তু হকাররা পুলিশ এলেই দোকান সরিয়ে নিচ্ছে, আবার তারা চলে গেলেই ফুটপাত দখল করে বসে পড়ছে। চলছে এই লুকোচুরি খেলা।
হকার সংগঠনের নেতারাও এইভাবে ফুটপাতে ব্যবসা করার বিরোধী। তারা হকারদের জানিয়েছেন যদি কারোর জায়গার সমস্যা হয়, তাহলে সংগঠনের কাছে জানাতে হবে তারপরে সংগঠন থেকে তাদেরকে ব্যবসা করার জায়গা কোথায় কিভাবে দেওয়া যায় তা ঠিক হবে। কিন্তু হকাররা সে কথা মানলে তো। তবে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ।।তারা জানিয়েছেন হকাররা যদি এইভাবে রাস্তা জুড়ে ব্যবসা চালাতে থাকে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে।
কিন্তু তা আদৌ কাজে লাগবে বলে মনে করেন না অনেকে।

