Published by Subrata Halder, 10 June 2025, 11:41 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
দাপট দেখিয়ে খেললেও ঠিক মন ভরানো ফুটবল উপহার দিতে পারলো না নরওয়ে। তবে এস্তোনিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় শীর্ষ তারকা আরলিং হালান্ডের একমাত্র গোলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়লো তারা।
এই নিয়ে বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের চারটি ম্যাচেই জয় পেলো নরওয়ে। তারা আছে ‘আই’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ম্যাচে এক জয়ে এস্তোনিয়া তিন নম্বরে। এই গ্রুপে ইজরায়েল দুই আর ইতালি তিনে।
এস্তোনিয়ার বিরুদ্ধে খেলায় মোট ১৯ টি শট নেয় নরওয়ে। কিন্তু তার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৩ টি। একের পর এক গোল মিসের মহড়া দিল নরওয়ে। তাই বল দখলসহ সব ক্ষেত্রে এগিয়ে থাকলেও জয় পাওয়া কঠিন হয়েছে দলটির।
৬২ মিনিটে এসে ডেডলক ভাঙেন আরলিং হালান্ড। বক্সের খুব কাছে বল পেয়ে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি তারকা।

