বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
কৌন বনেগা ক্রোড়পতি শুরু হয়েছিল দু হাজার সালে। প্রথম সিজন থেকেই অনুষ্ঠানের সঞ্চালক বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। যদিও চতুর্থ সিজন সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু তা তেমন জনপ্রিয় না হওয়ায় আবারও অমিতাভকে ফিরিয়ে আনা হয়। এখনো পর্যন্ত ১৫ টি সিজন সঞ্চালনা করেছেন অমিতাভ। শোনা যাচ্ছিল, এবার হয়তো অমিতাভ আর নয়। সঞ্চালকের আসনে দেখা যাবে সলমান খানকে।
কিন্তু এসব জল্পনা উড়িয়ে দিয়েছে চ্যানেল। তাদের আস্থা অমিতাভের ওপরেই। ব্রিটিশ টেলিভিশনের হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়র এর অনুকরণে কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্ব নিতে অমিতাভকে অনুরোধ করেন নির্মাতারা। কিন্তু সে প্রস্তাবে প্রথমবার রাজি হননি তিনি। তখন বড়পর্দায় সাফল্যের মুখ একেবারেই দেখছিল না তার সিনেমাগুলো। সেই অবস্থায় ছোটপর্দায় কাজ করা কতটা সমীচীন হবে, তা নিয়ে দ্বিধায় ছিলেন অমিতাভ।
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে লন্ডনের এলস্ট্রি স্টুডিওর মূল অনুষ্ঠানের লাইভ রেকর্ডিং দেখবেন বলে তিনি সিদ্ধান্ত নিলেন। ক্রিস ট্যারান্টের সঞ্চালনায় শুটিং দেখেন অভিনেতা। মনস্থির করেন, শোয়ের সঞ্চালনা করবেন। সেখান থেকে শুরু।
১৭ তম সিজনেও দেখা যাবে সেই অমিতাভ বচ্চনকেই। যিনি নিজেকে করে তুলেছেন এই অনুষ্ঠানের জন্য অপরিহার্য। গত কয়েক বছরে তাই নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন অভিনেতা। আসন্ন সিজনে প্রতি পর্বে তিনি পাচ্ছেন প্রায় ৫ কোটি টাকা। ১১ ই আগস্ট থেকে নতুন সিজনের সম্প্রচার শুরু হবে।
এই সিজন নিয়েও ইতিমধ্যেই দর্শক মনে আগ্রহ তৈরি হচ্ছে।

