বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
প্রাক মরশুমে দুদ্ধর্স জয় পেল লিভারপুল। স্টোক সিটির বিপক্ষে ৫-০ গোলে জিতল অলরেডরা। গতকাল দর্শকশূন্য স্টেডিয়ামে প্রীতি ম্যাচের প্রথমার্ধে মাত্র ১৪ মিনিটে হ্যাটট্রিক করেন লিভারপুলের ফরোয়ার্ড দারউইন নুনেজ।
এই গ্রীষ্মে আনফিল্ড ছাড়বেন নুনেজ, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কিছুদিন আগে। সেই গুঞ্জনের মাঝেই মাত্র ২০ মিনিটের মধ্যে লিভারপুলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন উরুগুয়ের এই তারকা। নুনেজের পাশাপাশি রিও এনগুমোহা এবং ফেদেরিকো সিয়েসা একটি করে গোল করেন।
ম্যাচে রেকর্ড ট্রান্সফারে বায়ার লেভারকুসেন থেকে আসা ফ্লোরিয়ান ভির্টজ খেলেন লিভারপুলের প্রথমার্ধে। ছিলেন ভিরগিল ফন ডাইক, অ্যান্ডি রবার্টসন, ডোমিনিক সোবোসলাই ও মোহাম্মদ সালাহর মতো তারকারা।
বিরতিতে ১০টি পরিবর্তন আনে লিভারপুল। দ্বিতীয়ার্ধে খেলেন ইব্রাহিমা কোনাতে, কোডি গাকপো, কস্তাস সিমিকাস ও রায়ান গ্র্যাভেনবার্খ।
নতুন সাইনিং মিলোস কেরকেজ ও জেরেমি ফ্রিমপংও ছিলেন দ্বিতীয়ার্ধের দলে।
গোলরক্ষক আলিসন বেকার খেলেনি। শুরুতে গোলকিপারের দায়িত্ব নেন জর্জি মামারদাশভিলি। ৬০ মিনিটের কাছাকাছি সময়ে তাকে তুলে আরমিন পেচসিকে বদলি হিসেবে নামান কোচ আর্নে স্লট।
মরশুমের মূল পর্বের প্রস্তুতি অংশ হিসেবে খেলা এই ম্যাচে সবাইকে পরখ করে দেখার চেষ্টা করলো আর্নে স্লট।

