চতুর্থ টেস্টে চোটের সমস্যা জেরবার ভারত, খেলবেন বুমরাহ

বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

চতুর্থ টেস্ট শুরু আগে চোটের সমস্যায় জেরবার ভারত। নীতীশের পাশাপাশি বড় ধাক্কা অর্শদীপ সিংকে নিয়ে। বাঁ হাতি পেসার নেটে বল করার সময় বোলিং হ্যান্ডেই চোট পেয়েছেন। ম্যাঞ্চেস্টার টেস্টে এই অর্শদীপকে খেলানোর কথা ভাবা হচ্ছিল। কিন্তু আচমকা চোট কিছুটা হলেও মুশকিলে ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। বোর্ডের তরফেই জানানো হয়েছে, চতুর্থ টেস্টে পাওয়া যাবে না অর্শদীপকে। তাঁর বাঁ হাতে সেলাই পড়েছে।

বিসিসিআই জানিয়ে দিয়েছে, ম্যাঞ্চেস্টারে দলের সঙ্গে যোগ দিয়েছেন অংশুল কম্বোজ। নীতীশ দেশে ফেরায় তাঁর বদলে কম্বোজকে নেওয়া হয়েছে। তিনি চতুর্থ টেস্টে খেলবেন কি না, তা নিয়ে অবশ্য কিছু জানায়নি বোর্ড।

পাঁচ ম্যাচের সিরিজে ১-২ এ পিছিয়ে শুভমন গিলরা। আকাশ দীপের ফিটনেস নিয়েও সংশয় ছিল। তবে ম্যাঞ্চেস্টার টেস্টের দলে তাঁকে রাখা হয়েছে। ম্যাঞ্চেস্টার টেস্ট শুরু হতে বাকি মাত্র দু’দিন। তার আগে সবচেয়ে বড় প্রশ্ন, জসপ্রীত বুমরাহ কি খেলবেন? ওয়ার্কলোড সামলানোর জন্য ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, পাঁচের মধ্যে তিনটে টেস্টে খেলবেন তারকা পেসার।

জসশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হলে, কোন পেসারকে খেলানো‌ হবে সেটাই।বুমরাহে জায়গায় অর্শদীপকে খেলানোর কথা চলছিল। কিছু তরুণ পেসার ছিটকে যাওয়ায়, শেষপর্যন্ত হয়ত ম্যাঞ্চেস্টারে বুমরাহকে খেলতে দেখা যাবে।

ম্যাঞ্চেস্টার টেস্ট ভারতের মরণ-বাঁচন ম্যাচ। সাধারণত ম্যাঞ্চেস্টারের পিচ পেস এবং বাউন্সে ভরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ড বৈচিত্র হারিয়েছে। গত দু’বছরে উইকেটের গতি তুলনায় অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে পিচ অনেকটাই মন্থর।