সমস্যায় ভারত, সূর্য়ের সঙ্গে হার্দিকের ফিটনেস নিয়েও সংশয়

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

এশিয়া কাপের দল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপ টুর্নামেন্ট টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিট হওয়াটা অত্যন্ত আবশ্যক। কিন্তু সূর্যকুমার সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছে।

১১ ও ১২ অগস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক। জুলাই মাসের মাঝামাঝি থেকে মুম্বইয়ে অনুশীলন শুরু করেছেন হার্দিক। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হার্দিকের। সাদা বলের ক্রিকেটে তিনি দলের ভরসা।

জুন মাসে জার্মানিতে অস্ত্রোপচার হয়েছে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছিলেন ‘স্কাই’। জার্মানির মিউনিখের একটি হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। জানা গিয়েছে, আরও অন্তত এক সপ্তাহ সেখানেই থাকবেন সূর্য। মেডিক্যাল টিম সর্বক্ষণ তাঁর উপর নজর রেখেছে।

২০২৫ আইপিএল টুর্নামেন্টে শেষবার সূর্যকুমার যাদবকে ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া গিয়েছিল। এই টুর্নামেন্টে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। চলতি বছর তিনি দুর্দান্ত ব্যাটিং করেন এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৭১৭ রান করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব জয় করেন।

এশিয়া কাপে দলে ফেরানো হতে পারে শ্রেয়স আইয়ারকে। শেষবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রধান তারকা ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর হাত ধরেই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল।