ইদের দিনও গাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত বেড়ে ৬৪

Published By Subrata Halder On 31st March 2025 at 3:30pm

বঙ্গবার্তা ব্যুরো,
পবিত্র ইদের দিনও ইসরায়েলি হামলার শিকার হল গাজার মানুষ।এদিন ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। গাজার প্যালেস্তেনীয় কর্তারা এই তথ্য জানিয়েছে।রোববার ইসরায়েলি বিমান হামলায় যারা নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। রাফা ও খান ইউনিসে ইসরায়েলের একাধিক বিমান হামলায় ৩৫ জন নিহত হন। এছাড়া উপত্যকার অন্যান্য এলাকায়ও হামলা চালানো হয়, যেখানে আরও বহু মানুষ প্রাণ হারান বা আহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে,সেখানে ইসরায়েলি হামলায় শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ২৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৫ জন।
অন্যদিকে দক্ষিণ গাজায় রাফার কাছে ইসরায়েলি গুলিতে নিহত হন আট চিকিৎসক।পাঁচজন অসামরিক প্রতিরক্ষা কর্মী ও রাষ্ট্রসঙ্ঘের একজন কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।২০১৭ সালের পর বিশ্বের যেকোনো জায়গায় তাদের কর্মীদের ওপর এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ।লাগাতার হামলায় গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েল মার্চের শুরু থেকেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে,ফলে খাদ্যসংকট চরম পর্যায়ে পৌঁছেছে।