Published By Subrata Halder,15 June 2025, 05:11 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ইরানের সঙ্গে চলা সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রকেও জড়াতে চেষ্টা চালাচ্ছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বর্তমান সংঘাতের পরিস্থিতিতে মার্কিনিদের কাছে অকুণ্ঠ সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার ইংরেজিতে দেওয়া এক ভিডিওবার্তায় মার্কিন নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আমাদের শত্রু আপনাদেরও শত্রু।
ভিডিওর শুরুতেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ২৫০ বছর ধরে স্বাধীনতা রক্ষায় মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেন।
এরপর নেতানিয়াহু বলেন, ইজরায়েলি সেনাবাহিনীও মধ্যপ্রাচ্যে স্বাধীনতা রক্ষায় লড়ছে। ইরানের সরকারকে নির্মম ও দমনমূলক শাসকগোষ্ঠী হিসেবে অভিহিত করেন তিনি।
যুক্তরাষ্ট্রের জনগণকে উদ্দেশ করে নেতানিয়াহু বলেন, আমাদের শত্রুই আপনাদের শত্রু। ভবিষ্যতে যা আমাদের সবার জন্য হুমকি হয়ে উঠতে পারে, সেটিকে আগেভাগে মোকাবিলা করা আমরা সেটাই করছি।
নেতানিয়াহু দাবি করেন, ইজরায়েল যদি আগ্রাসন না চালাতো, তবে ইরান তার অনুগত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত করতো। তবে এই দাবির পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ হাজির করেননি।
তিনি বলেন, আমরা যা করছি, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট সমর্থন এবং মার্কিন জনগণ ও বিশ্বের বহু দেশের সমর্থন নিয়েই করছি।

