উল্টোরথে দীঘার পথে সরকার,বিশেষ আয়োজন:

বঙ্গবার্তা ব্যুরো,
রথযাত্রার দিনের মতোই উল্টোরথে রথ যাতে বিগড়ে না যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নবান্নে উল্টোরথ নিয়ে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ গত শুক্রবার রথের দিন যেভাবে রথের চাকার পাত খুলে গিয়ে বিপত্তি হয়েছিলো, উল্টো রথে যেন তা না হয়। প্রয়োজনে রথে স্টিয়ারিং ও ব্রেক এর ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে অন্যান্য যাবতীয় প্রশাসনিক ব্যবস্থাও যাতে ঠিক থাকে তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোজা রথের মতো উল্টোরথেও দীঘাতে জনসমাগম হবে ধরে নিয়ে তেমনভাবেই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। অরূপ বিশ্বাস, সুজিত বোস সহ বেশ কয়েকজন মন্ত্রীকে উল্টোরথেও দীঘায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবারের বৈঠকে দীঘার জগন্নাথ মন্দিরে উল্টোরথের পাশাপাশি তারকেশ্বরের শ্রাবণী মেলা নিয়েও প্রয়োজনীয় সমস্ত রকম প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছরেও শ্রাবণী মেলার জন্য প্রশাসনিক প্রস্তুতিতে যেন কোনো খামতি না থাকে, তার জন্য হুগলি জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।