প্রথম টেস্টের আগে অনুশীলনে চোট করুণের,প্রথম টেস্টে খেলা নিয়ে সংশয়

Published by Subrata Halder, 19 June 2025, 07:26 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর
ইংল্যান্ডের হেডিংলিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। তার আগেই ব্যাটসম্যান করুণ নায়ারের চোট নিয়ে উদ্বেগ দলে।
ম্যাচের আগে লিডসে অনুশীলন করছিল ভারতীয় দল। করুণের বিপক্ষে বল করছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। আচমকাই প্রসিদ্ধের একটি বল নিচু হয়ে যায়। লাইন বুঝতে পারেননি করুণ। বল লাগে তার কুঁচকিতে। সামান্য আওয়াজ করে নেটের এক ধারে গিয়ে দাঁড়িয়ে পড়েন করুণ। ওই আঘাতের পর দৃশ্যত যন্ত্রণাকাতর মনে হয়েছে করুণকে। প্রাথমিকভাবে অভিজ্ঞ ক্রিকেটারকে বেশ খানিকটা খোঁড়াতে দেখা যায়। তবে সময়ের সঙ্গে তার ব্যথা কমে এবং করুণ ব্যাটিংও করেন।
পরে আবার নেটে ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে। সব ঠিক থাকলে শুক্রবার প্রথম একাদশে থাকবেন নায়ার। ওই আঘাত তেমন গুরুতর নয় বলেই খবর। সব ঠিক থাকলে শুক্রবার ইংরেজদের বিরুদ্ধে নামবেন করুণ। ঘরোয়া ক্রিকেটে টানা দুরন্ত পারফরম্যান্সের জেরে আট বছর পর জাতীয় দলে ফিরেছেন নায়ার। ২০১৭ সালে দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন। সেবারই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ত্রিশতরানও করছিলেন। তারপরই তিনি হারিয়ে যান। অবশেষে ফের দলে ফিরেছেন।সব ঠিকঠাক থাকলে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার, ২০ জুনই ফের একবার ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে পারেন করুণ নায়ার।
ভারতীয় দলের অনুশীলনে ফিল্ডিং ড্রিলের পর কড়া অনুশীলন শুরু হয়। নেটে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল সর্বপ্রথম ব্যাটিং করেন বল হাতে দেখা যায় মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাকে। দুই তারকা বোলারকেই বুধবার বেশ ছন্দে দেখায়।