মোহনবাগানে প্রত্যাবর্তন কিয়ানের, প্রথম ম্যাচে আটকে গেল মহমেডান:

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- আইএফএ

এক বছর চেন্নাইয়ন এফসিতে খেলার পর আবার মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে খেলতে দেখা যাবে কিয়ান নাসিরিকে।কিয়ানের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তি তিন বছরের।

জামশিদ নাসিরির পুত্র কিয়ান এর আগে সবুজ মেরুন জার্সি পরে ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন। সবুজ মেরুনের পক্ষ থেকে কিয়ানের প্রত্যাবর্তনের ভিডিও পোস্ট করা হয়। নতুন চুক্তির পর কিয়ান বললেন, ‘ ফের কলকাতায় ফিরে ভালো লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করবো।

এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।’ ২০২২ সালে আইএসএলের ডার্বিতে সুপার-সাব হিসেবে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান। কার্যত হারতে বসা ম্যাচ একার হাতেই জিতিয়ে দেন।

এদিকে কলকাতা লিগের প্রথম ম্যাচেই আটকে গেল মহমেডান। ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্যালকাটা পুলিশের কাছে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করল মহামেডান। মহামেডানের হয়ে গোল করলেন লালথামকিমা ও সাকা।

এদিকে মাঠের বাইরে সমস্যা যেন মিটছে না সাদা কালো ব্রিগেডের। আবার ফিফার ট্রান্সফার ব্যান হল মহমেডানের। গত মরশুমে আইএসএলে খেলেছিলেন উজবেকিস্তানের ফুটবলার কাসিমভ। কিন্তু বকেয়া প্রায় ৩৫ লক্ষ টাকা না মেলায় ফিফায় নালিশ ঠুকেছিলেন তিনি। এই বিষয়ে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে ই-মেল গিয়েছে ফেডারেশনের কাছে। জানানো হয়েছে, টাকা না মেটানো পর্যন্ত বহাল থাকবে ট্রান্সফার ব্যান। শুধু কাসিমভ নন, কোচ চেরনিশভও ফিফায় অভিযোগ করেছেন।

ফিফার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বিবৃতিতে বলা হয়েছে, কাশিমভের আর্থিক দাবি-দাওয়া না মেটানোয় ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে আন্তর্জাতিক এবং জাতীয় ফুটবলার সই করানোর ক্ষেত্রে মহমেডানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হল। দাবি না মেটানো পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।