বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর
গত বছর থেকে দিল্লি ক্রিকেট বোর্ড দিল্লি প্রিমিয়ার লিগ আয়োজন করছে। এই বছরও নতুন উদ্যমে এই টুর্নামেন্টের নতুন মরসুম শুরু হতে চলেছে। ফলে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডিডিসিএ-র কর্মকর্তারা।
ইতিমধ্যেই জানা গেছে, ঋষভ পন্থ, হর্ষিত রানার মতো ক্রিকেটাররা খেলবেন এই লিগে। খেলবেন একঝাঁক তরুণ তুর্কিও।দিল্লি প্রিমিয়ার লিগে খেলবেন বিরাট কোহলি? এমন একটা সম্ভবনা তৈরি হয়েছিল। কিন্তু দিল্লির ভূমিপুত্র হলেও রাজ্যের লিগে খেলবেন না কোহলি।
বিরাট নিজে না থাকলেও কোহলি পরিবারের এক সদস্য এই লি্গে খেলবেন। বিরাট কোহলির দাদা বিকাশের ১৫ বছর বয়সি পুত্র আর্যবীর খেলবেন এই টুর্নামেন্টে। গতবারের রানার্স আপ সাউথ দিল্লি সুপারস্টার্জ দলে আছেন আর্যবীর, ১ লক্ষ টাকায়। আর্যবীর কোহলি লেগ স্পিনার। বিরাটের কোচ রাজকুমার শর্মার অধীনেই আছেন আর্যবীর।
এছাড়াও দিল্লি প্রিমিয়ার লিগে খেলবে বীরেন্দ্র শেহবাগের ১৭ বছর বয়সি পুত্র আর্যবীরও। বীরুর বড় ছেলে আর্যবীর অবশ্য দিল্লির অনূর্ধ্ব–১৯ দলের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল। তাই দিল্লি প্রিমিয়ার লিগের নিলামে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের পুত্রকে ৮ লক্ষ টাকায় কিনে নিয়েছে সেন্ট্রাল দিল্লি কিংস।
ভারতের বিভিন্ন রাজ্যে টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলি বর্তমানে তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করছে। মুম্বাই টি-২০ লিগ, তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বেঙ্গল প্রিমিয়ার লিগ পর্যন্ত ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছেন একাধিক তরুণ প্রতিভা।

