বীরভূম থেকে কেন্দ্রের বিরুদ্ধে ভাষা আন্দোলন শুরু করলেন মমতা

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- মমতা ব্যানার্জি ফেসবুক পেজ

বাংলা ভাষার সম্মান রক্ষার্থে, আজ বীরভূম জেলার বোলপুরে রবীন্দ্রনাথের পুণ্যভূমিতে ভাষা আন্দোলন এর পদযাত্রায় শামিল হয়েল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, আজকে যারা প্রতিবাদী জনস্রোতে পা মিলিয়ে হেঁটেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার দাবী,আজকের এই মিছিলের কণ্ঠস্বর বুঝিয়ে দিয়েছে যে, আগামী দিনগুলিতে অগণতান্ত্রিক এবং জনবিরোধী কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে রাজ্যের লড়াই আরও জোরাদার হবে। তার বিশ্বাস ভাষা বিরোধী, জাতি-বিরোধী, বাংলা বিদ্বেষীর সামনে বাংলার মানুষ কখনও মাথা নত করবে না। মমতার দাবী, সকলকে স্মরণে রাখতে হবে বাংলা ভাষার সম্মান, বাংলার সম্মান।

মুখ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক ভাষা থেকে শুরু করে সব ভাষাকেই সম্মান ও শ্রদ্ধা করি, অথচ বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর নির্যাতন, নিপীড়ন চলছে। ভিন্‌রাজ্যে কেউ বাংলা ভাষায় কথা বললে, তাদের বাংলাদেশি বলা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানান তিনি। তার দাবী, এই ভাষা আন্দোলন জারি থাকবে যতক্ষণ না বাংলা বিদ্বেষ সম্পূর্ণ বন্ধ হচ্ছে, বাঙালি হেনস্থা বন্ধ হচ্ছে।

এই বাংলা সর্বধর্ম সমন্বয়ের, এই বাংলা শান্তি ঐক্য ও সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ। এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষায় উজ্জীবিত। এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়ের আদর্শে জাগ্রত। এই বাংলার প্রতি লাঞ্ছনা-বঞ্চনা, অত্যাচার, নিপীড়নের সঠিক জবাব বাংলার মানুষ গণতান্ত্রিক পথেই দেবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।