দেশের জন্য খেলো, আকাশদীপকে বার্তা ক্যান্সার আক্রান্ত দিদির

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- আইসিসি


আকাশ দীপের দুর্দান্ত পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে এজবাস্টনে। কেউ কি সত্যিই ভাবতে পেরেছিল তরুণ ভারতীয় পেসার বাংলার আকাশ দীপ ইংল্যান্ডের মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই নিয়ে নেবেন ১০ উইকেট ? ম্যাচ শেষে সুপার হিরো তাই সেই আকাশ দীপই ৷
আকাশ দীপের শৈশব খুব একটা সহজ ছিল না। ১৬ বছর বয়সে তার বাবা মারা যান। তার ৬ মাস পরে তার বড় ভাইও মারা যান। এই জোড়া ধাক্কায় কার্যত ভেঙে পড়ে তার পরিবার। রবিবার ম্যাচ শেষে আরও একটা মর্মান্তিক খবর প্রকাশ্যে আনলেন আকাশদীপ, জানালেন তার দিদি ক্যান্সারে আক্রান্ত।
সোমবার আকাশ দীপের দিদি অখণ্ড জ্যোতি সিংহ জানিয়েছেন, ভাইয়ের এই পারফরম্যান্সে তিনি কতটা গর্বিত। জ্যোতি বলেন, দেশকে ও গর্বিত করেছে। ১০ উইকেট নিয়েছে। আমি ভাইকে নিয়ে গর্বিত। ওকে একটা কথাই বলেছি। আমি ঠিক আছি। আমার জন্য চিন্তা করতে হবে না, শুধু এ ভাবেই দেশকে জেতা।

একইসঙ্গে তিনি বলেন, আমার ক্যান্সার এখন তৃতীয় স্টেজে। ডাক্তার বলেছে আরও ছ’মাস চিকিৎসা চলবে। তারপর দেখা যাবে।
আকাশদীপের দিদি বলেন, যখনই আকাশ উইকেট নেয়, আমরা চিৎকার করে, হাততালি দিয়ে বাড়ি মাথায় তুলি। পাড়াপড়শিরা অবাক হয়ে জিজ্ঞেস করে, কী হল। মনের মধ্যে একটা তৃপ্তি একটা স্বপ্ন আশা নতুন করে জন্ম নিচ্ছে।