মোচার কোপ্তা কারী

বঙ্গবার্তার রান্নাঘর

রেসিপি-মৌটুসি দাস

মোচা খেতে আমরা কে না পছন্দ করি? মোচা দিয়ে বিভিন্ন ধরনের পদ রান্না করা যায় বিশেষ করে যারা নিরামিষ ভোজী তাদের কাছে তো মোচা খুবই সুস্বাদু একটি পদ। এছাড়াও মোচায় রয়েছে বিভিন্ন উপকারী গুণ যা মানুষের শরীরের পক্ষে ভীষনই প্রয়োজনীয় । চলুন আজ মোচার কোপ্তাকারী বানানোর পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরছি।

কী কী উপকরণ লাগবেঃ

১টা গোটা মোচা ,২টি সিদ্ধ আলু ,২চামচ আদা পেস্ট, ২টো কাঁচা লঙ্কা, ২টো টমেটো,কুচনো ধনেপাতাছবি- সোশ্যাল মিডিয়াছবি- সোশ্যাল মিডিয়া

কি কি মশলা লাগবে : আধ চামচ লঙ্কার গুঁড়ো ,আধ কাপ সেঁকা বেসন ,স্বাদ মতোন লবন ,১চামচ জিরের গুঁড়ো, ১চামচ ধনের গুঁড়ো
১চামচ গোটা মৌরি ,আধ চামচ হলুদ গুঁড়ো ,আধ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ,১টা দারচিনি, ১টা এলাচ ,১ চামচ গোটা জিরে,১টা শুকনো লঙ্কা ,১টা তেজপাতা, আধ চামচ গরম মশলার গুঁড়ো,আধ চামচ চিনি, ১চামচ ঘি

কীভাবে তৈরি করতে হবে : প্রথমে মোচা ছোট ছোট করে কুচিয়ে জলে সিদ্ধ করতে হবে ,এবার সিদ্ধ করা মোচা জল চিপড়ে নিয়ে অতিরিক্ত জল বের করে ফেলতে হবে। এবার একটি পাত্রে, সিদ্ধ মোচার সাথে ২টি সিদ্ধ আলু, আদা পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেঁকা বেসন, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব উপকরণ একসাথে মেখে নিতে হবে। এবার কোপতার আকারে তেলে ভাজুন।

এবার মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আস্ত মৌরি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারচিনি, এলাচ সামান্য জল দিয়ে পেস্ট করুন।কড়াইতে তেলে ফোড়নে ভাজুন জিরে,শুকনো লঙ্কা, তেজপাতা, ২মিনিট ভাজার পর পেস্ট করা মশলা দিয়ে দিন এবার আরো ২মিনিট ভাজুন এই সময় আঁচটা মিডিয়াম থাকবে। মশলা থেকে তেল আলাদা হলে, স্বাদ মতোন লবণ, ১গ্লাস গরম জল দিয়ে কম আঁচে ২মিনিট রান্না করুন। এবার ভাজা কোপতা গুলো দিন ও আরো ২, ৩ মিনিট ফোটান। সবশেষে, গরম মশলার গুঁড়ো, সামান্য চিনি ও ঘি মেশান। সাজানোর জন্য কুচানো ধনেপাতা দিতে পারেন। ব্যাস পরিবেশন করার জন্যে তৈরি মোচার কোপ্তা কারী ।ধোঁয়া ওঠা গরম ভাত ও রুটি ছাড়াও পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন।

ছবি- সোশ্যাল মিডিয়া