বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
সমস্যা মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ মহমেডান সমর্থকরা। রবিবার সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সমর্থকদের সম্মিলিত জোটের প্রতিনিধি। মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মন দিয়ে মহামেডান ক্লাবের সমস্যার কথা শোনেন। সমর্থকরা চাইছেন, যেভাবেই হোক ক্লাবের আর্থিক অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করুন মুখ্যমন্ত্রী।
ইস্টবেঙ্গলকে দু’বার ইনভেস্টর ঠিক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহামেডান কর্তারাও তাই দিদির দ্বারস্থ। তবে প্রচন্ড ব্যস্ততার কারণ মুখ্যমন্ত্রী সময় দিতে পারছেন না বলে ব্যাপারটার এখনও সমাধান হয়নি। তবে আইএসএলের ডেটলাইন মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন ক্লাব কর্তারা। তাঁদের আশা, তিনি তার আগেই এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবেন।
এদিকে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন সরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টচার্য। লিগের একটি ম্যাচের পর বিরুপ মন্তব্য করায় আইএফএ রঞ্জনকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। রবিবার সাংবাদিক সম্মেলনে রঞ্জন ভট্টাচার্য বলেন, “৫ তারিখ আমাদের খেলা ছিল। ম্যাচের শেষলগ্নে একটা গোল হজম করি। সেটা একেবারেই অনভিপ্রেয় ছিল। আমরা এক নম্বরে ছিলাম। এর ফলে আমরা দুইয়ে নেমে গিয়েছিলাম। ম্যাচের সমাপ্তি ওইভাবে হওয়ায় হতাশ হয়ে পড়েছিলাম। এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজনাবশত কিছু কথা বলে ফেলি। আইএফএ’কে সম্মান জানিয়েই বলছি, এই ধরনের কথা বলা আমার উচিত হয়নি।

